শীর্ষ ফুটবলের আবির্ভাবে বিশ্বকাপ তারকা খেলিয়ে চমক দিয়েছিল বসুন্ধরা কিংস। এরপর টানা পাঁচ লিগ শিরোপা জয়ের দীর্ঘ পথে এরকম অনেক চমকই দেখিয়েছে তারা। এবার ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের সাবেক কোচকে নিয়োগ দিয়ে বড় বিস্ফোরণটা ঘটিয়েছে বসুন্ধরা কিংস। আগামী মৌসুমে রুমানিয়ান কোচ ভ্যালিরিউ তিতার স্থলাভিষিক্ত কবেন ৫৮ বছর বয়সী অভিজ্ঞ কোচ সার্জিও ফারিয়াস। তার চুক্তির বিষয়টি সোমবার নিশ্চিত করেছেন বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান।
গত মৌসুমে লিগ শিরোপা হাতছাড়া করেছিল বসুন্ধরা কিংস। টানা ছয় লিগ শিরোপা জিতে দক্ষিণ এশিয়ায় অনন্য রেকর্ড গড়ার স্বপ্ন পূরণ হয়নি। রুমানিয়ান কোচ ভ্যালিরিউ তিতার বিদায়টা ছিল অবধারিত। মৌসুম শেষ হওয়ার পরপরই কোচকে বিদায় করে দেয় বসুন্ধরা কিংস। এরপর থেকেই অপেক্ষা ছিল রাকিব হোসেন, তপু বর্মণদের নতুন কোচের নাম জানার। শোনা যাচ্ছিল বাংলাদেশ জাতীয় দলের সাবেক ব্রিটিশ কোচ অ্যান্ড্রু অর্ডের নামও। তবে পুরানো মুখ নয়, কিংস আস্থা রেখেছে এমন একজনের ওপর যার রয়েছে ৩৫ বছরের কোচিং অভিজ্ঞতা।
দীর্ঘ ক্যারিয়ারে দুনিয়াজুড়ে নানা দেশে কাজ করেছেন এই কোচ। সর্বশেষ কাজ করেছেন কুয়েতের ক্লাব কাজমা এসসিতে। তবে ক্লাব কোচিংয়ে তার সেরা অর্জণ দক্ষিণ কোরিয়ার শীর্ষ ক্লাব পোহাং এফসিকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এবং ফিফা ক্লাব বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন। দক্ষিণ কোরিয়া দলটির প্রধান কোচের দায়িত্বে ছিলেন প্রায় চার বছর। ২০০৭ সালে তার অধীনে পোহাং এফসি কে লিগ জিতেছে। পরের বছর কোরিয়ান এফএ কাপের শিরোপা ঘরে তুলেছে। পরের বছর কোরিয়ান লিগ কাপ জেতা পোহাংকে সে বছর এএফসি চ্যালেঞ্জ লিগ জেতাতে রেখেছেন বড় ভূমিকা। সে বছর আবু ধাবিতে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পোহাং এফসিকে পৌঁছে দিয়েছিলেন ফারিয়াস। তবে সেমিফাইনালে আর্জেন্টাইন ক্লাব এস্তোদিয়ান্তেসের কাছে ২-১ গোলে হারতে হয় তার ক্লাবকে। তৃতীয়স্থান নির্ধারনী ম্যাচে অবশ্য মেক্সিকান আতলান্তে ফুটবল ক্লাবকে পেনাল্টি শুট আউটে হারিয়ে দেয় পোহাং।
২০০৭ সালে কে লিগের বর্ষসেরা কোচের তকমা পাওয়া ফারিয়াস ২০০১ সালে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল ও পরের বছর ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের কোচের দায়িত্ব পালন করেন। এছাড়া সিরি আ জায়ান্ট জুভেন্তাসের যুব দল, ব্রাজিলের ঐতিহ্যবাহী সান্তোস এফসি অনূর্ধ্ব-২০ দল, কাতারের শীর্ষ দল উম সালাল এসসি, আল খোর এফসি, চিনের গুয়াংজু সিটি ফুটবল ক্লাবের মতো দলকে কোচিং করিয়েছেন। এছাড়া সৌদি আরব, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মিশর, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়ার মতো দেশের শীর্ষ ক্লাব ফুটবলে কাজের দীর্ঘ অভিজ্ঞ রয়েছে প্রো-লাইসেন্সধারী এই কোচের। তাকে চূড়ান্ত করা প্রসঙ্গে ইমরুল হাসান বলেন, 'আমরা এশিয়ার বিভিন্ন দেশে কাজের অভিজ্ঞতা দেখেই নতুন কোচ চূড়ান্ত করেছি।'
১২ আগস্ট কাতারের দোহায় বসুন্ধরা কিংস এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে সিরিয়ার দল আল-কারামাহ এফসি'র। সেই ম্যাচ দিয়েই সূচনা হবে ফারিয়াসের বাংলাদেশ অধ্যায়।