সিরাজগঞ্জ সদরে পিস্তুল ও গুলিসহ এক চাঁদাবাজকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। সোমবার (২৮ জুলাই) বিকেলে সদর উপজেলার সয়দাবাদের নির্মাণাধীন বেসরকারি ইকোনোমিক জোন এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার মানিক ওরফে কালা মানিক (৩৫) সয়দাবাদ ইউনিয়নের চরবয়রা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
সিরাজগঞ্জ ডিবি পুলিশের এসআই নাজমুল হক জানান, গ্রেপ্তার মানিক দীর্ঘদিন যাবৎ ইকোনোমিক জোন এলাকায় চাঁদাবাজি করে আসছিল। সোমবার বিকেলে চাঁদাবাজি করতে গেলে স্থানীয় জনতা তাকে গণধোলাই দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পরে তাকে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই নাজমুল হক বলেন, মানিকের বিরুদ্ধে ২টি হত্যা, ১টি মাদক ও ১টি ডাকাতি মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আরো একটি মামলা করা হয়েছে।