এশিয়ান কাপের ড্রয়ে থাকছে না বাংলাদেশের প্রতিনিধিত্ব

অস্ট্রেলিয়ার সিডনির অপেরা হাউসে মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা তিনটায় অনুষ্ঠিত হবে আগামী বছর মার্চে সে দেশে অনুষ্ঠিত হতে যাওয়া ওমেন্স এশিয়ান কাপের ড্র। ইতিহাসে প্রথমবারের মতো মর্যাদার সেই আসরে অংশ নেবে বাংলাদেশ। গত মাসে মিয়ানমারে বাছাইপর্বে সেরা হয়ে এশিয়ান কাপের ১২ দলে জায়গা করে নেয় পিটার বাটলারের দল।

অথচ মর্যাদার এই আসরের ড্র অনুষ্ঠানে থাকছে বাংলাদেশের কোন প্রতিনিধিত্ব। ড্র অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যে পাশের দেশ ভারত থেকে সিডনি পৌঁছেছেন ভারত জাতীয় দলের অধিনায়কসহ একাধিক প্রতিনিধি।

অথচ বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে কেন প্রতিনিধি সিডনি ড্র অনুষ্ঠানে অংশ নেবেন না আমন্ত্রণ পাওয়ার পরও। এ বিষয়ে বাফুফের নারী ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ জানান, বাংলাদেশ থেকে সিডনিতে সেই অনুষ্ঠানে কেউ অংশ নেবেন না।

ফিফা ওমেন্স র‌্যাংকিং অনুযায়ী ১২ দলের মধ্যে সর্বনিম্ন স্থানে বাংলাদেশের অবস্থান (১২৮তম)। যার ফলে ড্রয়ে বাংলাদেশ রয়েছে চার নম্বর পটে। এই পটে আরও রয়েছে ৬৮তম ইরান ও ৭০তম ভারত। তিন নম্বর পটে ফিলিপাইন (৪১তম), চিনা তাইপে (৪২তম) ও উজবেকিস্তান (৫১তম)। দুই নম্বর পটে আছে গতবারের চ্যাম্পিয়ন চিন (১৭তম), দক্ষিণ কোরিয়া (২১তম) ও ভিয়েতনাম (৩৭তম)। আর এক নম্বর পটে আয়োজক অস্ট্রেলিয়া (১৫তম), জাপান (সপ্তম) ও উত্তর কোরিয়া (নবম)।

আয়োজক হওয়ায় অস্ট্রেলিয়া এ গ্রুপের প্রথম দল। তিন গ্রুপে বিভক্ত হয়ে প্রথম পর্বে অংশ নেবে ১২ দল। প্রতি গ্রুপের সেরা দুই দল ও সেরা তৃতীয়স্থান পাওয়অ দুই দলকে নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল। অস্ট্রেলিয়ার তিন শহরে হবে খেলা। অন্তত দুই শহরে গ্রুপ পর্বের তিন ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে।