রূপগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে বৃদ্ধকে যুবদল নেতার গুলি 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত ৩ লাখ টাকা না দেওয়ায় শামসুদ্দোহা (৬৫) নামে এক বৃদ্ধকে এলোপাথাড়ি গুলি করার অভিযোগ উঠেছে তারাব পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শফিকুল ইসলাম ও তার ভাগিনা সাকিবের বিরুদ্ধে। সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শামসুদ্দোহাকে গুরুতর অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুই পক্ষের  উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাকিবের সঙ্গে উপজেলা যুবলীগের সদস্য রিপনের লোকজনের সংঘর্ষ হয়। সেই সময় শফিকুলও তার ভাগিনার পক্ষ নিয়ে সংঘর্ষে জড়ান। এতে তিনি পায়ে গুরুতর জখম হয়।

গত ৫ আগস্টের পর থেকে সে ঘটনার ক্ষতিপূরণ বাবদ রিপনের পরিবারের কাছে টাকা চেয়ে আসছেন যুবদল নেতা শফিকুল ও তার ভাগিনা। এরই জেরে গত সোমবার রাতে রিপনকে না পেয়ে ক্ষিপ্ত হয়ে তার মামা শামসুদ্দোহাকে এলোপাথাড়ি গুলি করে শফিকুল ও তার ভাগিনা সাকিব। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। 

এ ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা শফিকুলের সঙ্গে যোগাযোগ করার জন্য তার ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া যায়। 

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, শামসুদ্দোহা নামের এক বৃদ্ধ গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে আমাদের কাজ চলছে।