টঙ্গীতে ম্যানহোলে পড়া নারীর খোঁজ মেলেনি ২ দিনেও

গাজীপুরের টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে ফারিয়া তাসনিম জ্যোতি (২৮) নামে এক নারী নিখোঁজ হয়েছেন। গত রবিবার রাত ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ইম্পেরিয়াল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান মেলেনি।

নিখোঁজ জ্যোতি চুয়াডাঙ্গা জেলার ৪ নম্বর ওয়ার্ড মসজিদপাড়ার বাসিন্দা এবং মৃত ওলিউল্লাহ আহম্মদ বাবলুর মেয়ে। তিনি হোসেন মার্কেট এলাকায় বসবাস করতেন এবং একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। স্বজনদের তথ্যমতে, ঘটনার সময় তিনি ওষুধ সরবরাহের কাজে হাসপাতালের দিকে হেঁটে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ইম্পেরিয়াল হাসপাতালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ড্রেনের একটি ম্যানহোল দীর্ঘদিন ধরে উন্মুক্ত ছিল। সেখানে কোনো সø্যাব বা সতর্কতামূলক সাইনবোর্ড ছিল না। জ্যোতি অসাবধানতায় ম্যানহোলে পড়ে যান এবং পানির স্রোতে নিখোঁজ হন। ঘটনার পর গাজীপুর ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের কর্মীরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন, যা সোমবার সন্ধ্যা পর্যন্ত চলে। তবে জ্যোতির কোনো সন্ধান মেলেনি।

এদিকে এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বিআরটি কর্র্তৃপক্ষের দায়িত্বহীনতাকে এ দুর্ঘটনার জন্য দায়ী করেছেন।