আন্তর্জাতিক ম্যাচ না থাকায় বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী এখন ব্যস্ত ক্লাব ফুটবলে। লেস্টার সিটির হয়ে তিনি আগামী মৌসুমের প্রস্তুতি নিচ্ছেন। এর মাঝেই ক্লাবকে দেওয়া এক সাক্ষাৎকারে শুনিয়েছেন বাংলাদেশের গল্প। নিজ দেশকে নিয়ে তার ভালোবাসার গল্প। সেই গল্পের অংশবিশেষ প্রকাশ করেছে লেস্টার সিটি।
ইংলিশ ক্লাবটির সোশ্যাল অ্যাকাউন্টে এক পোস্টে বাংলাদেশকে নিয়ে হামজার ভালোবাসার কথা তুলে ধরা হয়েছে। যেমন, ‘প্রথমবার যখন আমরা গ্রামে গিয়েছিলাম, আমার নিজের গ্রামে, সেটা সত্যিকারের গ্রাম ছিল। এটি ছিল আমার শৈশবের বেড়ে ওঠার একটি বড় অংশ। সেখানে যা অভ্যর্থনা পেয়েছি, সেটা বর্ননাতীত। অনেকেই অনেককিছু বলতে পারে, কিন্তু এটা বাস্তবের চেয়েও বেশি কিছু ছিল। আমার মনে হয়, এটা কখনও স্বাভাবিক হবে না, এমনই থাকবে।’
হামজা আরও বলেছেন, ‘ফুটবলার হিসেবে যখন যুক্তরাজ্যে থাকি, তখন অনেক অ্যাটেনশন পাই। কিন্তু যুক্তরাজ্যের বাইরে আমি যে অভ্যর্থনা পেয়েছি, সেটা আশ্চর্যজনক। অনেকের কাছে এত ভীড়বাট্টা ভীতিকর হতে পারে, কিন্তু সত্যি বলতে এটা আমার হৃদয়ের অনেকটা জায়গা নিয়ে নিয়েছে। সেখানকার লোকজন খুবই ইতিবাচক এবং আমার প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্যই এসেছিল। এটা এক অসাধারণ অনুভূতি।’
উল্লেখ্য, প্রথমবার বাংলাদেশে এসে বিপুল অভ্যর্থনা পেয়েছিলেন হামজা। ঢাকায় তো বটেই, হামজার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামেও তাকে দেখার জন্য জনতার ঢল নেমেছিল। হামজাকে ঘিরেই আবারও ঘুরে দাঁড়াতে চাইছে দেশের ফুটবল। আবারও দর্শকরা ফিরে আসছেন মাঠে। বাংলাদেশ নিয়ে হামজার পূর্ণ সাক্ষাৎকারটি পড়তে পারেন লেস্টার সিটির অ্যাপে।