পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) এক ছাত্রীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত কুমার বিশ্বাসকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৭৩তম রিজেন্ট বোর্ড সভায় গত ২৬ জুলাই এ সিদ্ধান্ত গৃহীত হয়।
গতকাল সোমবার (২৮ জুলাই) বিষয়টি জানতে পারে গণমাধ্যম।
অভিযুক্ত শিক্ষক সুব্রত কুমার বিশ্বাস ঈশ্বরদী পৌর শহরের পোস্ট অফিসপাড়ার বাসিন্দা। সমাজকর্ম বিভাগের সান্ধ্যকালীন স্নাতকোত্তর শ্রেণির এক ছাত্রী তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে জড়ান। পরে তিনি বিয়েতে অস্বীকৃতি জানালে ছাত্রীটি ২০২৩ সালের ২২ সেপ্টেম্বর বিভাগীয় প্রধানের কাছে অভিযোগ দাখিল করেন। পরদিন একাডেমিক কাউন্সিল একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি একই বছরের ৯ অক্টোবর সুব্রতকে সব একাডেমিক দায়িত্ব থেকে অব্যাহতির সুপারিশ করে। পরে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেল উচ্চতর তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে তাঁকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করে। রিজেন্ট বোর্ড এ সুপারিশ মেনে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
অভিযুক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম আবদুল আওয়াল বলেন, আইনানুগ প্রক্রিয়ায় শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।