ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলদাদপুর বালাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার পর পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থল পরিদর্শনের পর গতকাল সোমবার বিস্তারিত তথ্য তুলে ধরেছে জেলা প্রশাসন ও পুলিশ।
রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল জানান, হামলায় ক্ষতিগ্রস্ত ২২টি পরিবারের মধ্যে ১৯টি পরিবার এরই মধ্যে নিজ নিজ বাড়িতে ফিরেছেন। তবে অভিযুক্ত রঞ্জন কুমার রায়, তাঁর চাচা এবং পরিবারের সদস্যরা পার্শ্ববর্তী গ্রামে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার থেকেই ক্ষতিগ্রস্ত বসতঘরগুলো সংস্কারের কাজ শুরু হয়েছে। এ উদ্যোগে জেলা ও উপজেলা প্রশাসন একযোগে কাজ করছে। ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছেন জেলা প্রশাসক। তিনি তাদের আশ্বস্ত করেছেন, প্রশাসন সবসময় পাশে থাকবে।
রংপুরের পুলিশ সুপার মো. আবু সাইম জানিয়েছেন, হামলার ঘটনায় অন্তত ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে ২২টি পরিবার বসবাস করত। রঞ্জন কুমার রায় গ্রেপ্তার হওয়ার পর থেকেই তাঁর বাবা, দাদা ও চাচার পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। অন্যদিকে, ১৯টি পরিবারের পুরুষ সদস্যরা বাড়িতেই অবস্থান করছেন। তবে যেসব বাড়ি আংশিক বা পুরোপুরি ভেঙে গেছে, সেসব বাড়ির কিছু নারী সদস্য মালামাল নিয়ে অন্যত্র চলে গেছেন।
তিনি আরও বলেন, ‘এলাকায় শান্তি ফিরিয়ে আনতে প্রশাসনের সঙ্গে স্থানীয় নেতারাও কাজ করছেন। আমরা আশা করছি, দ্রুত মেরামতের পর সব নারী সদস্য নিজ বাড়িতে ফিরে আসবেন।’
পুলিশ সুপার আরও জানান, হামলার পেছনে কারা জড়িত, তাদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। যারা এ অপরাধে সংশ্লিষ্ট, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমানে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা টহলে রয়েছেন। স্থানীয়ভাবে সম্প্রীতি রক্ষায় প্রশাসন সক্রিয় ভূমিকা রাখছে।