ইংল্যান্ডের শীর্ষ টেস্ট উইকেটশিকারী এবং ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেসার জেমন অ্যান্ডারসন গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। বয়স চল্লিশ ছাড়িয়ে গেলেও বল হাতে তিনি ছিলেন দুর্দান্ত। আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন; কিন্তু টেস্ট অধিনায়ক বেন স্টোকস আর কোচ ব্রেন্ডন ম্যককালাম রাজি হননি। এ কারণে এই দুজনের ওপর বেজায় চটে আছেন জেমস অ্যান্ডারসনের স্ত্রী ড্যানিয়েলা লয়েড।
‘টাইমস’কে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অবসর নিয়ে মুখ খুলেছেন অ্যান্ডারসন। অবসরের প্রেক্ষাপট নিয়ে তিনি বলেছেন, ‘সত্যি বলতে, অবসরের কথা আমার মাথায় ছিল না। আমি তখনও আগের মতোই ভালো বোলিং করছিলাম। আমার শরীরও ভালো অবস্থায় ছিল। অ্যাশেজের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। সব খেলাতেই তরুণদের অগ্রাধিকার থাকবে, কিন্তু বয়স এবং অভিজ্ঞতার সাথে ভারসাম্য বজায় রাখতে হবে। এটা কঠিন।’
জিমি আরও বলেন, ‘আমাকে বলা হয়েছিল যে, যতক্ষণ পর্যন্ত দলে জায়গা পাওয়ার জন্য যথেষ্ট ভালো এবং যথেষ্ট ফিট থাকি, ততক্ষণ পর্যন্ত তারা (ম্যাককালাম এবং স্টোকস) আমাকে দলে নেবে। কিন্তু তারপর তারা তাদের মন পরিবর্তন করে। আমি তাদের অবস্থান বুঝতে পেরেছিলাম, তাই রাগ করিনি। যদিও আমার স্ত্রী রাগ করেছিল; সম্ভবত এখনও সে রেগে আছে। সে সবসময় আমার সবচেয়ে বড় সমর্থক, ক্যারিয়ারজুড়ে আমার সবচেয়ে বড় সাহায্যকারী।’
উল্লেখ্য, ২০২৪ সালের ১০ জুলাই লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার শেষ টেস্ট খেলতে নেমেছিলেন অ্যান্ডারসন। দেশের হয়ে ১৮৮ টেস্টে তিনি ২৬.৫০ গড়ে ৭০৪ উইকেট শিকার করেছেন। ২০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে অ্যান্ডারসন অসংখ্য ম্যাচ জেতানো পারফর্ম্যান্স উপহার দিয়েছেন এবং প্রতিপক্ষের দূর্গে ভীতি সঞ্চার করেছেন। ক্যারিয়ারে ৩২বার নিয়েছেন ৫ উইকেট আর ১০ উইকেট নিয়েছেন তিনবার।