সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরকে নিয়ে এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারীর বিরূপ মন্তব্যের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় শহরের বড়বাজার জামে মসজিদের সামনে সতেচন আলেমসমাজ ও ছাত্র জনতার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে স্থানীয় বিএনপি নেতাকর্মী, ব্যবসায়ী ও খেলাফত আন্দোলনের আলেম মাশায়েখ উপস্থিত ছিলেন।
গত ২৭ জুলাই নেত্রকোনায় এনসিপির পদযাত্রায় অংশগ্রহণ করেন নাসিরুদ্দিন পাটোয়ারী। সে সময় লুৎফুজ্জামান বাবরকে নিয়ে তার বিরূপ মন্তব্য করার প্রতিবাদ জানিয়ে উপস্থিত বক্তারা বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে নাসিরুদ্দিন পাটোয়ারীকে তার বক্তব্য প্রত্যাহার করে জনতার কাছে ক্ষমা চাইতে হবে। না হলে বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের জনতা দফায় দফায় কর্মসূচি পালন করবে।’
বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতাকর্মীরা নাসিরুদ্দিন পাটোয়ারীকে উদ্দেশ্য করে বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ লুৎফুজ্জামান বাবরকে নির্যাতন করে যে রক্ত ঝরিয়েছে তা এনসিপির নেতাকর্মীদের শরীরেও নেই। তাই বিএনপি নেতাকর্মীদের নিয়ে বক্তব্য দেয়ার আগে ভেবে-চিন্তে বক্তব্য দেয়ার আহ্বান জানান তারা।
এদিকে খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মোহাম্মদ আব্দুর রহিম রুহী বলেন, লুৎফুজ্জামান বাবর কোন দলের নেতা নয়। তিনি ভাটি অঞ্চলের মানুষের নেতা। বিরূপ মন্তব্যের জন্য দ্রুত ক্ষমা চাইতে হবে। অন্যত্থায় ময়মনসিংহের আলেমসমাজ এনসিপির বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে।