বিএনপিই সবার আগে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে: প্রিন্স

এমরান সালেহ প্রিন্স বলেছেন, রাষ্ট্র কাঠামো মেরামত করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন জাতিকে বিএনপিই সবার আগে দেখিয়েছে, একত্রিশ দফা সংস্কার কর্মসূচি দিয়েছে, এই স্বপ্ন বাস্তবায়নে ওয়াকআউট নয়, বিএনপি অঙ্গীকারবদ্ধ ও বুলেট গতিতে কাজ করবে। 

আজ বিকালে ধোবাউড়া উপজেলা শ্রমিক দলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এর আগে দুপুরে তিনি ধোবাউড়া জেলা পরিষদ ডাক বাংলো হল রুমে ধোবাউড়া উপজেলার ইউপি সদস্যদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়ে উপজেলার তৃণমূলের সমস্যার কথা শোনেন। 

এমরান সালেহ প্রিন্স বলেন, সংস্কারের নামে জোর করে কিছু মানতে বাধ্য করা হলে বিএনপি নিশ্চয়ই সাক্ষী গোপাল হয়ে বসে থাকবে না। বিএনপির মতো বড় এবং অভিজ্ঞ ও জনপ্রিয়, জনসম্পৃক্ত দলের মতামতকে উপেক্ষা করে কোনো কার্যকর, টেকসই সংস্কার হতে পরে না। অন্যান্য ছোট ও নিবন্ধনবিহীন দলের সঙ্গে বিএনপিকে তুলনা করা সরকারের উচিত হবে না।

তিনি বলেন, বিএনপি বড় দল হিসেবে দায়িত্বও বেশি। সে কারণে বিএনপি অনেক ছাড়ও দিয়েছে। কিন্তু অবাস্তব ও ভারসাম্যহীন কোনো কিছু চাপিয়ে দিতে চাইলে বিএনপি মেনে নেবে না। দেশের জন্য ভালো এমন সংস্কারকে স্বাগত জানানোর মানসিকতা বিএনপির আছে, কিন্তু বিএনপিকে চাপে ফেলে অবাস্তব কিছু আদায় করা যাবে না।
 
তিনি বলেন, অনেকে অনেক কথা বলেন, বলতেই পারেন, বাক স্বাধীনতা সবার আছে। বাস্তব সত্য, বিএনপি আন্দোলনে না থাকলে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটতো না। আওয়ামী লীগের দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া ও বিএনপির আপোষহীন লাগাতার আন্দোলনে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট রচিত হয়েছিল।

কোটা সংস্কারের ছাত্র আন্দোলনে বিএনপিসহ রাজনৈতিক দলের সমর্থন এবং গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে খুনি সরকারের পতনের এক দফা দাবিতে বিএনপির আন্দোলনের ডাকে সর্বস্তরের জনগণের রাজপথে নেমে সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় গণ অভ্যুত্থান তথা হাসিনার পতন ত্বরান্বিত হয়েছিল।

তিনি বলেন, যারা ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউটকে কটাক্ষ করে কথা বলেন, তারাই আন্দোলন চলাকালে রাজপথে জনগণ, লাশ, রক্ত রেখে দুইবার আন্দোলন থেকে ওয়াক আউট করেছিল। কিন্তু গুম, খুন, নির্মম, নির্দয় রিমান্ড, দমন, নিপীড়ন উপেক্ষা করে বিএনপি ১৫ বছর আপোষহীন ভাবে লড়াই চালিয়ে গেছে। তিনি শ্রমিকদলের নেতাকর্মীদের প্রতি ধোবাউড়ায় শ্রমিক দলের সংগঠন সুশৃঙ্খলভাবে গড়ে তোলার আহ্বান জানান । 

ধোবাউড়া দাখিল মাদরাসা মাঠে জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাইদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিদুল হক মোহনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যদের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, সদস্যসচিব আনিসুর রহমান মনিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রব্বানী সুমন, আবদুল কুদ্দুস, আবদুল মোমেন শাহিন, বিভাগীয় শ্রমিক দলের সহসভাপতি শহীদুল ইসলাম শহীদ, এম আসাদউল্লাহ আসাদ, সৌমিক হাসান সোহাগ, যুগ্ম সম্পাদক শাহ মোহাম্মদ সুজন, সাংগঠনিক সম্পাদক আবদুল গনি, দফতর সম্পাদক ফিরোজ নুন, প্রচার সম্পাদক আল আমিন জনি প্রমুখ বক্তব্য রাখেন।