হংকংভিত্তিক টেক্সটাইল ও অ্যাপারেল চেইন হান্ডা ইন্ডাস্ট্রিজ কো. বাংলাদেশে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হান চুন মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ পরিকল্পনার কথা জানান।
হান্ডা প্রাথমিকভাবে বাংলাদেশের টেক্সটাইল খাতে ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছিল। পাশাপাশি ২০২৫ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে প্রতিষ্ঠানটি।
পরে আরও মূল্যায়নের পর ও বাংলাদেশের কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি তাদের বিনিয়োগ পরিকল্পনা বাড়িয়ে আনুমানিক ২৫০ মিলিয়ন ডলার নির্ধারণ করে।
হান্ডা এখন বাংলাদেশে তিনটি কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে—এর মধ্যে দুটি গার্মেন্টস প্রসেসিং ইউনিট এবং একটি নিটিং ও ডাইং ইউনিট থাকবে—যা প্রায় ২৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।
‘সরকারি সংস্থাগুলোর—বিশেষ করে বিডা (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ), বেজা (বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ) এবং বেপজা (বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ)—সঙ্গে আলোচনা করে আমরা আত্মবিশ্বাস পেয়েছি, তাই বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি,’ বলেন হান চুন।
তিনি আরও বলেন, ‘আমরা এই প্রকল্পগুলোর মাধ্যমে বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল খাতে সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসতে চাই।’
বিডা, বেজা এবং বেপজার কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের টেক্সটাইল খাতে এটিই চীনা কোনো কোম্পানির অন্যতম বৃহৎ একক বিনিয়োগ।
প্রধান উপদেষ্টা হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এই বিনিয়োগ পরিকল্পনাকে স্বাগত জানান। তিনি বলেন, ‘আপনারা বাংলাদেশের টেক্সটাইল খাতে চীনা বিনিয়োগে নেতৃত্ব দিন এবং অন্য চীনা বিনিয়োগকারীদেরও এখানে আসতে উৎসাহ দিন।’
তিনি হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে বাংলাদেশি ডিজাইনারদের প্রশিক্ষণ দেওয়ার অনুরোধ জানান, যাতে তারা ক্রেতাদের রুচি সম্পর্কে জানতে ও শিখতে পারে।
হান চুন প্রধান উপদেষ্টার কাছে মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে নির্মাণাধীন কারখানার একটি নকশা উপস্থাপন করেন।
মীরসরাইয়ে গার্মেন্টস কারখানার জন্য জমি ইজারার চুক্তি বুধবার স্বাক্ষরিত হবে, যার প্রথম ধাপের বিনিয়োগ মূল্য হবে ৮০ মিলিয়ন ডলার। দ্বিতীয় ধাপের জমি ও অন্যান্য সুবিধা চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে, যা ২০২৫ সালের শেষ নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সমন্বয়কারী লামিয়া মোর্শেদ, বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এবং হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রেসিডেন্ট হেং জেলি উপস্থিত ছিলেন।