সাতক্ষীরা তালা উপজেলায় আব্দুল মান্নান শেখ (৬০) ও তারক মন্ডল (৫৫) নামে দুই বয়স্ক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
দুই পরিবারের বরাতে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দীন জানান, মঙ্গলবার (২৯ জুলাই) প্রথম ঘটনা ঘটে উপজেলার সুজনশাহ গ্রামে। দুপুরের দিকে আব্দুল মান্নান শেখের পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলেন না। পরে বিকেলের দিকে বাড়িতে ফিরে পরিবারের সদস্যরা মান্নান শেখকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। পরে তারা নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় মান্নান শেখের মরদেহ দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
একই দিন বিকেল ৩টার দিকে দ্বিতীয় ঘটনা ঘটে তালার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে। ওই গ্রামের তারক মন্ডল দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তারক মন্ডলের বাড়ির সবাই বাইরে থেকে এসে দেখতে পান তারকের ঝুলন্ত মরদেহ।
ওসি মাইনউদ্দীন বলেন, “প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়না তদন্ত করতে সদর হাসপাতালে নেয়ার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং অধিকতর তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হবে।”