গাজীপুরে নাহিদ ইসলাম

এবার প্রতারণার সুযোগ দেব না, জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে

এবার কোনো প্রতারণার সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে বলেও জোর দাবি জানান তিনি।

মঙ্গলবার বিকালে দেশ গড়তে ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে গাজীপুরে জেলা শহরের রাজবাড়ি সড়কে পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ৯০’এর গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো বাংলাদেশের জনগণের সঙ্গে, ছাত্রদের সঙ্গে প্রতারণা করেছিল। ত্রিদলীয় জোটের রূপরেখা তৈরি করা হয়েছিল। সেই রূপরেখা কোনো দল মানেনি। ফলে আমরা এবার কোনো প্রতারণার সুযোগ দেব না। জুলাই সনদ হতে হবে। আর জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে এবং এর আইনি ভিত্তি থাকতে হবে। নির্বাচনে যেই সরকার গঠন করুক এ সংস্কার বাস্তবায়নে বাধ্য থাকবে।

৫ আগস্টের মধ্যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র হতেই হবে উল্লেখ করে তিনি বলেন, এর কোনো বিকল্প আমরা দেখতে চাই না। সরকার জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে। আমরা বলেছিলাম জুলাই সনদ সংস্কার শুধু ঐক্যবদ্ধ হলে হবে না। কীভাবে বাস্তবায়ন করা হবে সে বিষয়ে ঐক্যমত হওয়া লাগবে।

এনসিপির এ নেতা বলেন, আমরা আশা করবো ৫ আগস্টের মধ্যে অন্তর্বর্তী সরকার এবং সকল রাজনৈতিক দল জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র জারি করতে পারবে। আমাদের যে আকাঙ্ক্ষিত গণঅভ্যুত্থানের এক বছর আমরা সকলে একসঙ্গে বিজয় উদযাপন করতে পারবো।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন, এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, নাহিদা সারওয়ার নিভা, আলি নাসের খান, মেজর (অব.) আব্দুল্লাহ আল মাহমুদ, কেন্দ্রীয় আহবায়ক সংগঠক এমএম সোহাইন, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিম প্রমুখ।

এর আগে নাহিদ ইসলাম গাজীপুরের শ্রীপুরে জুলাই গণঅভুত্থানে শ্রীপুরে উপজেলায় শহীদদের স্মরণে দোয়া মাহফিলে উপস্থিত হয়ে তিনি বলেন, আমরা ঘোষণা করেছি বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদ বিতাড়িত করবো। মুজিববাদদের আমরা বিচারের আওতায় আনবো। আমাদের লড়াই শেষ হয় নাই। আমাদের একটি নতুন বাংলাদেশ হিসেবে লড়াই চলমান আছে।

নাহিদ বলেন, আজকেও দেখেছেন গাজীপুরের সন্ত্রাসীরা টহল দিচ্ছে মহড়া দেয়ার চেষ্টা করছে। ভয় দেখিয়ে নাগরিক পার্টি জাতীয় গণঅভূত্থানের শক্তিকে তারা রুখে দেবে। গোপালগঞ্জেও আমাদেরকে বাধা দিয়ে রাখা যায় নাই। আমরা গোপালগঞ্জের মাটিতে গিয়েছি। আমরা গাজীপুরের মাটিতেও এসেছি। বাংলাদেশের ৬৪টি জেলায় আমরা গিয়েছি, যাবো। আমরা ঘোষণা করেছি বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদ বিতাড়িত করবো। মুজিববাদদের আমরা বিচারের আওতায় আনবো।