ঝালকাঠিতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

ঝালকাঠিতে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে (৯) ধর্ষণের অভিযোগে রেজাউল হাওলাদার (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হলেও মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই (সোমবার) দুপুর ১টার দিকে জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ইদুর বাড়ি এলাকার ৩৭নং সরকারী প্রাথমিক বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ শুরু হওয়া বৃষ্টিতে রাস্তার পাশে একটি বাড়িতে শিশুটি আশ্রয় নেয়। এ সময় একই এলাকার রেজাউল হাওলাদার ওই শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। অভিযুক্ত রেজাউল হাওলাদার একই এলাকার খলিলুর রহমানের ছেলে।

পরবর্তীতে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রেজাউল পালিয়ে যায়। শিশুটিকে তাৎক্ষণিক উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, ভিকটিমের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।