‘অনঙ্গ বউ’খ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ফরিদা আক্তার ববিতার আজ জন্মদিন। এবারের জন্মদিন একমাত্র ছেলের সঙ্গে উদযাপন করবেন বলে জানিয়েছেন তিনি। কিছুদিন আগেই ঢাকা থেকে কানাডা চলে যান বরেণ্য এই অভিনেত্রী। কানাডার টরেন্টোর কিচেনারিতেই থাকেন তার ছেলে। সেখানেই সময় কাটে ববিতার। নন্দিত এই তারকা বেশ কয়েক বছর ধরেই নিজের জন্মদিন নিয়ে বিশেষ কিছু করেন না, ঢাকাতেও থাকেন না বিশেষ এই দিনে। এবারের জন্মদিন কেমন করে কাটবে? এমন প্রশ্নের জবাবে মুঠোফোনে ববিতা বলেন, ‘এখন অনিকের ছুটি নেই। অর্থাৎ জন্মদিনে তাকে অফিস করতে হবে। সত্যি বলতে কী, এখানে ঢাকার মতো অনেক অবসর সময়ও নেই, সুযোগও নেই ইচ্ছেমতো ঘুরে বেড়ানোর। তবে অনিক অফিস থেকে ফিরে এলে আমরা মা-ছেলে কোনো এক সুন্দর জায়গায় ঘুরতে যাব। সেখানেই খাওয়া দাওয়া করে, মুহূর্তটা ধরে রাখার জন্য ছবিও তুলব। এভাবেই কেটে যাবে এবারের জন্মদিন। তবে দেশের সবাইকে খুব মিস করব।’
ববিতা আরও বলেন, ‘আমি যখন ইউনিসেফ’র শুভেচ্ছা দূত ছিলাম, তখন প্রতি বছর ছোট ছোট বাচ্চারা আসত আমার বাসায়। তারা আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাত, অভিনয় করে দেখাত, খুব ভালো লাগত আমার। সেই সময়টার কথা খুব মনে পড়ে। যাই হোক, মনে পড়ছে সুচন্দা আপা, চম্পার কথা আর আমেরিকায় থাকা আমার ভাইদের কথা। সবাইকে নিয়ে যদি জন্মদিন উদযাপন করা যেত কতই না ভালো হতো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।’
এদিকে ববিতা জানান, তার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। কিন্তু তার নামে ফেক আইডি খুলে নানান বিব্রতকর পোস্ট দেওয়া হচ্ছে। যে কারণে তার মানসম্মান মারাত্মকভাবে ক্ষুণœ হচ্ছে। এই নিয়ে তিনি থানাতে অভিযোগও করেছিলেন। কিন্তু কোনো লাভ হয়নি। তাই থানার কর্মকা-ের প্রতি হতাশ হয়ে তিনি আগামীতে সাইবার ক্রাইম অ্যাক্টে এসব দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন।
ববিতাই বাংলাদেশের একমাত্র নায়িকা, যিনি অস্কার বিজয়ী বিশ^বরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের সিনেমাতে অভিনয় করেছিলেন। সিনেমার নাম ‘অশনি সংকেত’। শিশুশিল্পী হিসেবে ১৯৬৮ সালে তিনি প্রথম ‘সংসার’ সিনেমায় অভিনয় করেন। এর পরপরই নায়িকা হিসেবে এহতেশামের ‘পীচঢালা’ পথ সিনেমায় অভিনয় করেন নায়করাজ রাজ্জাকের বিপরীতে। ১৯৭৫ সালে প্রথম ‘বাদী থেকে বেগম’ সিনেমায় চাঁদনী চরিত্রে অভিনয় করে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর তিনি একে একে ‘নয়নমনি’, ‘ বসুন্ধরা’, ‘ রামের সুমতি’, ‘পোকা মাকড়ের ঘরবসতি’, ‘হাসন রাজা’, ‘কে আপন কে পর’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি ‘আজীবন সম্মাননা’ লাভ করেন। সর্বশেষ তাকে নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় দশ বছরেরও বেশি সময় আগে অভিনয়ে দেখা যায়নি। তবে ভালো চলচ্চিত্র ও কেন্দ্রীয় চরিত্রে পেলে অভিনয় করতে আপত্তি নেই বলে জানান তিনি। বরং এ ধরনের সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বর্ষীয়ান এই তারকা।