রাশিয়ার উপকূলে ভূমিকম্প আঘাত হানার পর যুক্তরাষ্ট্র, জাপানসহ একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
এর মধ্যেই যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের বন্দর থেকে সব বাণিজ্যিক জাহাজ সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন কোস্টগার্ড। বুধবার (৩০ জুলাই) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি জানায়, সুনামি ঢেউ আঘাত হানার আশঙ্কায় হাওয়াইয়ের সব বাণিজ্যিক বন্দর থেকে জাহাজ সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড।
হনলুলুর কোস্টগার্ডের ক্যাপ্টেন বাণিজ্যিক জাহাজগুলোকে দ্রুত বন্দর ছাড়ার নির্দেশ দিয়েছেন। কোস্টগার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানায়, সব বন্দরেই বাহির থেকে আসা জাহাজ প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে রাশিয়ার উপকূলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। বুধবার ভোরে রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়।