রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউর রায় ৬ আগস্ট

দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রমসংক্রান্ত আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে দায়ের করা রিভিউ আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ দেওয়া হবে আগামী ৬ আগস্ট।

বুধবার (৩০ জুলাই) সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চ আদেশের জন্য এ তারিখ নির্ধারণ করেন।

আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সালাউদ্দিন দোলন ও অ্যাটর্নি আহসানুল করিম। ইন্টারভেনর হিসেবে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগে আইনজীবী ব্যারিস্টার নিহাদ কবীর এ আবেদন করেন। পরে রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রমে অন্তর্ভুক্ত করতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা আবেদন করেন।

২০১৫ সালের ১১ জানুয়ারি রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম ঠিক করে রায় দেন আপিল বিভাগ। যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয় ২০১৬ সালের ১০ নভেম্বর।