আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সংস্কারের চাহিদা চেয়ে চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিলের স্বাক্ষরিত এ চিঠি দেশের সব জেলা শিক্ষা অফিসারকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, এ সংস্কারের জন্য আর্থিক বরাদ্দ ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতের পরিচালন বাজেট থেকে দেওয়া হবে। এ ক্ষেত্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০১৩ সালের ২০ মে জারি করা পরিপত্রে উল্লিখিত ক্ষুদ্র মেরামত সংক্রান্ত নীতিমালা অনুসরণ করতে হবে।
জেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে, উপজেলা বা থানা শিক্ষা অফিস থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে আগামী ১০ আগস্টের মধ্যে নির্ধারিত ছকে হার্ডকপি ও সফটকপি (ই-মেইলে: dirplandpe@gmail.com, adplandpe@gmail.com) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে। তবে যেসব বিদ্যালয়ে বর্তমানে মেরামতের প্রয়োজন নেই, সেগুলোর চাহিদা না পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৪৪ হাজার ভোটকেন্দ্র ব্যবহার করা হয়। একাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৪০ হাজারের বেশি এবং ভোটকক্ষ সংখ্যা ছিল ২ লাখেরও বেশি। এর আগে দশম সংসদ নির্বাচনে ৩৭ হাজার ৭০৭টি কেন্দ্র ও ১ লাখ ৮৯ হাজার ৭৮টি ভোটকক্ষ এবং নবম সংসদ নির্বাচনে ৩৫ হাজার ২৬৩টি কেন্দ্র ও ১ লাখ ৭৭ হাজার ২৭৭টি ভোটকক্ষ ব্যবহৃত হয়েছিল।