পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবন থেকে আল হাবিব (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ ও স্থানীয়দের ধারণা, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর ফেলে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত শিশু হাবিব ওই ইউনিয়নের শিলাইকুঠি গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে খেলতে বের হয়ে আর বাড়ি ফিরেনি সে। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পরিত্যক্ত ভবনে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। উদ্ধারের সময় শিশুটির গলায় একটি শার্ট পেঁচানো এবং শরীরে আঘাতের চিহ্ন ছিল।
বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান তারেক হোসেন বলেন, “ইউনিয়ন পরিষদের পেছনের একটি পরিত্যক্ত ভবনে বাচ্চাটিকে দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের খবর দেয়। তার পর আমরা পুলিশকে খবর দেই। পুলিশ এসে বিষয়টি তদন্ত করছে।”
তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ওসি মুসা মিয়া বলেন, “শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর সেখানে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।”