জার্মানের বিশ্বকাপ জয়ী ফুটবলার টমাস মুলার ২০০০ সালে যোগ দিয়েছিলেন বায়ার্ন মিউনিখের যুব দলে। ক্যারিয়ারের ২৫ বছর কাটিয়েছেন বায়ার্ন মিউনিখে। ২০২৪-২৫ মৌসুম শেষে বিদায় জানান বাভারিয়ানদের। জার্মান ক্লাবটি ছেড়ে ৩৫ বছর বয়সী অভিজ্ঞ এই ফরোয়ার্ড যোগ দিলেন মেজর লিগ সকারের ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটসে।
দল-বদল বিষয়ে অভিজ্ঞ ক্রীড়া সংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের সঙ্গে দুই বছরের চুক্তি করতে যাচ্ছেন মুলার।
ক্লাব বিশ্বকাপের পিএসজি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেই শেষবারের মতো বায়ার্নের জার্সি গায়ে ধারণ করেন তিনি। ক্লাবের হয়ে ৭৫৬ ম্যাচে ২৫০ গোল করা এই ফরোয়ার্ড বায়ার্ন ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা।
মুলারের প্রতি ইউরোপের বাইরে অনেক ক্লাবেরই আগ্রহ ছিল। এমনকি অস্ট্রেলিয়ার এ-লিগের সিডনি এফসিও প্রস্তাব দিয়েছিল। তবে শেষ এমএলএসকেই বেছে নিলেন তিনি। মেজর লিগ সকারে (এমএলএস) খেলেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, হুগো লরিসের মতো তারকারা। সম্প্রতি এমএলএসে যোগ দিয়েছেন ডি পলও।