মুন্সীগঞ্জের শ্রীনগরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে জেলার শ্রীনগর থানায় এ মামলা দায়ের করে ভুক্তভোগী শিশুর মা।
এর আগে গত রবিবার সকালে শ্রীনগর উপজেলার ফৈনপুর গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পরপরই পালিয়ে যায় অভিযুক্ত তরুণ আলাল খান (১৯)। সে একই গ্রামের মো. ফজল খানের ছেলে।
পুলিশ জানিয়েছে, গত রবিবার বেলা ১১ টার দিকে ফৈনপুর গ্রামের ভুক্তভোগী শিশুর মা কাজে চলে যায়। এ সময় নিজ বাড়ির পাশে খেলা করছিলো শিশুটি। তখন সুযোগ বুঝে শিশুটিকে প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন আলাল খান।
শিশুর মা বলেন, ওইদিন কাজ শেষ করে এসে দেখি বাড়ির এক জায়গায় আমার মেয়ে কান্নাকাটি করছে। মেয়েকে গোসলে নিয়ে দেখি তার গোপনাঙ্গে রক্তের চিহ্ন। এ বিষয়ে জিজ্ঞাসা করলে আমার মেয়ে আলালের অপকর্মের কথা জানায়। এদিন আমার মেয়ে অসুস্থ হয়ে পড়ে।
এ ব্যাপারে শ্রীনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, ঘটনা জানার পরই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে অভিযুক্ত তরুণ পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।