অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন নভেম্বরে

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাহী কমিটির নির্বাচন হবে আগামী নভেম্বরে। চার বছর মেয়াদে নতুন নেতৃত্ব বেছে নেওয়ার মাস চূড়ান্ত হলেও তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তার আগে আরেকটি সাধারণ সভা আয়োজিত হবে পারে।  ২০২১ সালের ডিসেম্বরে হয়েছিল বিওএ'র সর্বশেষ নির্বাচন। বর্তমান কমিটির মেয়াদপূর্তীর কিছু আগেই এবার নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে সাধারণ পরিষদ।

বুধবার কুর্মিটোলা গলফ ক্লাবে বিওএ'র বার্ষিক সাধারণ সভায় বিওএ'র যুগ যুগ পুরানো গঠণতন্ত্র যুগোপযোগী করার ব্যাপারে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে। এর আগে গঠনতন্ত্র হালনাগাদ সংক্রান্ত একটি কমিটি করেছিল বিওএ। সেই কমিটি একটি প্রতিবেদন পেশ করে। সেই প্রতিবেদনের ভিত্তিতে বিওএ সম্প্রতি একটি বিশেষ নির্বাহী সভা আয়োজন করে। যেখানে শুধু কার্যনির্বাহী কমিটির মতামতের ভিত্তিতে গঠনতন্ত্রের একটি খসড়া প্রস্তাব দেওয়া হয় বার্ষিক সাধারণ সভায়। পরবর্তী সাধারণ সভায় গঠনতন্ত্র চূড়ান্ত হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

সাধারণ সভায় ২০২৩-২৪ অর্থ বছরের অর্থ প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন হয়েছে। এ ব্যাপারে বিওএ সভাপতি ও সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান এ বছরে ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য খুব শীঘ্রই আরেকটি সাধারণ সভা আয়োজন করা হবে। ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ১২ কোটি ৪০ লাখ টাকার বাজেট সর্বসম্মতিক্রমে ঘটনাত্তোর অনুমোদিত হয়।

এদিকে ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ সেনাবাহিনী ও বিওএ'র যৌথ উদ্যোগে অলিম্পিক কমপ্লেক্স গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিওএ সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান এ প্রসঙ্গে বলেন, 'বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এবং সেনাবাহিনীর যৌথ উদ্যোগে ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ অলিম্পিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেনাবাহিনীর নিয়ন্ত্রনাধীন প্রায় ১৭৩ একর জায়গা এই প্রকল্প বাস্তবায়নের জন্য চিহ্নিত করা হয়েছে।'

সাধারণ সভায় সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় সকল নিহত ছাত্র-ছাত্রীসহ গত আগস্ট-২০২৩ হতে জুন-২০২৪ পর্যন্ত যে সকল ক্রীড়াব্যক্তিত্ব পরলোকগমণ করেছেন, তাঁদের স্মরণে ও সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সাধারণ সভায় ৮৯জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।