চট্টগ্রামের বাঁশখালীর কাথারিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বিসিক শিল্প কারখানা এলাকার ব্যবসায়ী শেখ মেজবাহ উদ্দিন চৌধুরীকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে।
আজ বুধবার (৩০ জুলাই) ভোরে আল মজিদ টাওয়ার থেকে ফেলে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। নিহত মেজবাহ উদ্দিন বাঁশখালী সমিতি কক্সবাজার'র (বাসক) সাংগঠনিক সম্পাদক ছিলেন।
মেজবাহ কক্সবাজারের লিংকরোড বিসিক শিল্প কারখানায় কাঠ সরবারাহসহ বিভিন্ন ব্যবসা করতেন এবং স্টেশনের আল মজিদ টাওয়ারের চারতলা ভবনের ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।
নিহত মেজবাহ উদ্দিনের ম্যানেজার মো. রাকিব জানান, ফজরের আজানের পর মসজিদে নামাজ পড়তে যান শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী। নামাজ পড়ে তিনি বাসায় ফিরেন। এরপর তিনি ভবনের উপর তলা থেকে নিচে পড়ে যান- সিসিটিভি ক্যামেরায় এটা দেখা গেছে।
বাঁশখালী সমিতি কক্সবাজার'র (বাসক) প্রচার সম্পাদক সাংবাদিক তাজুল ইসলাম চৌধুরী পলাশ জানান, এ ঘটনায় রহস্য দেখা যাচ্ছে। তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি জানান তিনি।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াছ খান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তারা সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ উদ্ধারের পর কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়।
তিনি আরো জানান, পরিবার দাবি করছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এদিক সামনে নিয়ে তদন্ত করা হচ্ছে।