কর্মস্থলে অনুপস্থিত ৫ প্রকৌশলী ও ১ স্থপতি বরখাস্ত

বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় গণপূর্ত অধিদপ্তরের পাঁচজন প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের একজন স্থপতিকে চাকরি থেকে বরখাস্ত করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। তাদের বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ ছিল। বিভাগীয় তদন্তে তারা দোষী প্রমাণিত হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল বুধবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বরখাস্ত কর্মকর্তারা হলেন গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) মনিরুজ্জামান মনি, উপবিভাগীয় প্রকৌশলী (ই/এম) আবদুল্লা আল মামুন, উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) রাহানুমা তাজনীন, নির্বাহী প্রকৌশলী (ই/এম) ফারহানা আহমেদ ও সহকারী প্রকৌশলী (সিভিল) মফিজুল ইসলাম। একই অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থাপত্য অধিদপ্তরের সহকারী স্থপতি শিরাজী তারিকুল ইসলামকেও বরখাস্ত করা হয়।

পুলিশের আরও ঊর্ধ্বতন ৫ কর্তা বরখাস্ত : অভিযোগ জানাতে আসা ব্যক্তিকে ‘মারধর’, গ্রেপ্তার ব্যক্তিকে ‘নির্যাতন’, অধস্তন পুলিশ সদস্যের ‘সংসার ভাঙার চেষ্টাসহ’ কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ডিআইজি থেকে এএসপি পদমর্যাদার পাঁচ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

 বরখাস্ত হওয়া কর্মকর্তা হলেন রাজশাহীর সাবেক ডিআইজি আনিসুর রহমান, রংপুর মহানগর পুলিশের সাবেক ডিসি মোহাম্মদ শিবলী কায়সার, র‌্যাবের অতিরিক্ত এসপি জুয়েল চাকমা, ডিএমপির সচিবালয় নিরাপত্তা বিভাগের সাবেক এডিসি (এসপি পদে সুপার নিউমারারারি পদোন্নতি পাওয়া) রাজীব দাস ও বরিশাল আরআরএফের এএসপি আফজাল হোসেন।