জামায়াত আমিরের সুস্থতার জন্য দোয়া কামনা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছে দলটি। আজ বৃহস্পতিবার সংগঠনের নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এক বিবৃতিতে ডা. শফিকুর রহমানের জন্য দোয়া চান।

বিবৃতিতে তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বুধবার অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি দেশে বিরাজমান পরিস্থিতিতে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে গুরুত্বপূর্ণ অবদান রাখছিলেন। এই মুহূর্তে দেশ ও জাতির সার্বিক পরিস্থিতিতে তার অবদান খুবই প্রয়োজন।

তিনি আরও বলেন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানকে দ্রুত সুস্থতার নিয়ামাত দান করার জন্য আমরা দেশের সকল নাগরিক, সংগঠনের সর্বস্তরের জনশক্তি এবং দেশে-বিদেশে অবস্থানরত শুভাকাঙ্ক্ষীদের প্রতি আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানাচ্ছি। আল্লাহ যেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানকে দ্রুত সুস্থতা দান করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার তাওফীক দান করেন।