জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন দশতলা ছাত্র হল ভবনের ছাদের একটি অংশ ধসে পড়ে অন্তত ১১ জন শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকাল ৪টার দিকে ভবনের দ্বিতীয় তলার বেলকনির ঢালাইয়ের সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় তলার পূর্ব-দক্ষিণ কোণে ঢালাই শুরু হলে কিছুক্ষণের মধ্যেই কাঠামো নড়বড়ে হয়ে যায়। মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ে পুরো ছাদ, এতে কর্মরত শ্রমিকরা নিচে পড়ে যান। আহতদের কোমর, হাঁটু ও পিঠে আঘাত লেগেছে বলে জানা গেছে। পরে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
নির্মাণ কাজে যুক্ত এক শ্রমিক বলেন, ‘ঢালাই কাজ দুপুরে শুরু হয়। খাবার শেষে আবার কাজ চলছিল। বিকেলে হঠাৎ একটু শব্দ হলো, এরপরই ছাদটা ভেঙে পড়ে যায়।’
এ ঘটনায় নির্মাণসামগ্রীর মান নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ঢালাই কাজে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের রড ও ঢালাই উপকরণ। অনেক জায়গায় জোড়াতালি দেওয়া রড, লোহার খুঁটির পরিবর্তে বাঁশের খুঁটি এবং পাটের সুতো দিয়ে বাঁধার মতো ঝুঁকিপূর্ণ উপায় অবলম্বন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রতিটি নির্মাণ প্রকল্পে একজন করে সাইট ইঞ্জিনিয়ার থাকলেও এ ধরনের অনিয়ম কীভাবে হয়েছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। বিষয়টি জানতে প্রকল্প পরিচালক সৈয়দ মোফাছিরুল ইসলামের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসি। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, ‘নির্মাণাধীন ছাত্র হলের ছাদ ধ্বসের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ঠিকাদারি প্রতিষ্ঠানকেও চিঠি দেওয়া হবে।’
উল্লেখ্য, ভবনটি নির্মাণের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান সিএসআই।