লিভারপুল ছেড়ে গ্রীষ্মকালীন দলবদলে বায়ার্ন মিউনিখে যোগ দিয়ে নতুন অধ্যায়ের সূচনা করেছেন কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজ। বৃহস্পতিবার মিউনিখে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে হাজির হয়ে জানালেন, ইউরোপের অন্যতম সফল ক্লাবে খেলতে এসে উচ্ছ্বসিত তিনি এবং চাপ নিতে পুরোপুরি প্রস্তুত।
“আমি খুব খুশি যে এমন একটা দারুণ ক্লাবে যোগ দিতে পেরেছি,” বলেন দিয়াজ। “এখনও বেশি সময় কাটাতে পারিনি, তবে যেভাবে সবাই আমাকে স্বাগত জানিয়েছে, সেটা অসাধারণ। খুব তাড়াতাড়ি সবাইকে ভালোভাবে চিনে নিতে চাই।”
২৮ বছর বয়সেই বায়ার্নের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ দামের খেলোয়াড় এখন তিনি। ৬৫.৫ মিলিয়ন ইউরোতে লিভারপুল থেকে বায়ার্নে যোগ দিয়েছেন দিয়াজ। তবে নিজের দাম নিয়ে ভাবতে নারাজ দিয়াজ; তার দৃষ্টি পুরোপুরি মাঠের খেলায়, “আমি সবসময় দলকে সেরাটা দিতে চাই। ট্রান্সফার ফি’র মূল্যায়ন আমি করতে পারি না। তবে খুশি যে ক্লাবটি আমাকে দলে টেনেছে। এই ক্লাবটিকে আমি পছন্দ করি এবং যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে চাই।”
বায়ার্ন কেন বেছে নিলেন, তারও ব্যাখ্যা দিয়েছেন সাবেক পোর্তো ও লিভারপুল তারকা, “আমি এমন একটি ক্লাবে যোগ দিতে চেয়েছি যারা আমার লক্ষ্যের সঙ্গে মিলে যায়। আমি বড় স্বপ্ন দেখি, তাই বড় এবং উচ্চাকাঙ্ক্ষী ক্লাবেরই প্রয়োজন ছিল। এখানে আমরা সবকিছু জিততে চাই, আর সেই লক্ষ্যে আমি সাহায্য করতে প্রস্তুত।”
প্রাক্তন কলম্বিয়ান সতীর্থ ও সাবেক বায়ার্ন মিডফিল্ডার হামেশ রদ্রিগেসের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে দিয়াস জানান, “ওর সঙ্গে খুব বেশি কথা হয়নি। আমাদের টেক্সট চালাচালি হয়, আশা করি সে আমাকে শহর আর ক্লাব নিয়ে কিছু পরামর্শ দিতে পারবে।”
মাঠে গতিময়তা, কৌশল আর সরাসরি খেলার মানসিকতা নিয়ে বায়ার্ন আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করার কথা দিয়াজেরর, “আমি উইংয়ে খেলতে পারি, আবার সামনে থেকেও। কোচ বলেছেন, আমাকে বাম দিকেই বেশি পছন্দ করেন, তবে দল যেখানেই চায় আমি খেলতে প্রস্তুত। দলের জন্য খেলাটাই আমার প্রথম অগ্রাধিকার।”