কুমিল্লার মুরাদনগরে সাংবাদিকদের ওপর বর্বর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লার গণমাধ্যমকর্মীরা। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত জেলা পুলিশের সব ইতিবাচক সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেন প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক।
তিনি বলেন, সারাদেশে ভাইরাল হওয়া ভিডিওতে আপনারা দেখেছেন—আমাদের সহকর্মীদের কীভাবে সন্ত্রাসীরা হামলা করেছে। এ ঘটনায় দোষীদের এখনো গ্রেপ্তার করা হয়নি। আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, যতক্ষণ না দোষীরা গ্রেপ্তার হবে, ততক্ষণ আমরা পুলিশের কোনো ইতিবাচক সংবাদ প্রচার করব না।
প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু এবং বিভিন্ন টিভি চ্যানেল, পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের প্রতিনিধিরা।
প্রসঙ্গত, গতকাল বুধবার (৩০ জুলাই) মুরাদনগরে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন একাধিক সাংবাদিক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, স্টার নিউজের কুমিল্লা প্রতিনিধি আবদুল্লাহ আল মারুফকে এক ব্যক্তি লোহার রড দিয়ে পায়ে বারবার আঘাত করছেন। সঙ্গে থাকা এসএ টিভির ভিডিও সাংবাদিক বাপ্পীও আহত হন।
এ ঘটনায় আরও আহত হয়েছেন দেশ টিভির প্রতিনিধি সুমন কবীর, খোলা কাগজের ইমরান হোসেন, এশিয়ান টিভির মাহফুজ আনোয়ার সৌরভ, বার্তা২৪-এর আবু নাসের মঈন খান ও পূর্বাসা পত্রিকার হাবিবুর রহমান মুন্না।
সমাবেশে বক্তারা বলেন, আমরা দলীয় সাংবাদিকতা করি না। জনগণের তথ্য জানার অধিকার রক্ষায় কাজ করি। কিন্তু বারবার আমাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। রাজনৈতিক নেতাদের বলব—আপনাদের উগ্র কর্মীদের নিয়ন্ত্রণ করুন। নইলে ভবিষ্যতে আপনাদের কোনো সংবাদই প্রচার পাবে না।
সভা শেষে কুমিল্লা প্রেস ক্লাব থেকে এ ঘটনায় মামলা দায়ের ও আইনি সহায়তার ঘোষণাও দেওয়া হয়।