সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে পর্তুগাল

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে পর্তুগাল সরকার এবং সেটি চলতি বছরের সেপ্টেম্বরেই হতে পারে বলে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রোর দপ্তরের বরাত দিয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) দৈনিক ডায়রিও দে নোটিশিয়াস-সহ দেশটির একাধিক গণমাধ্যম এ তথ্য প্রকাশ করে।

সংবাদমাধ্যম আনাদুলো এজেন্সির খবরে বলা হয়, পর্তুগালের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে— জাতিসংঘের একটি সম্মেলনে উপস্থিত দেশগুলোর দ্বারা উত্থাপিত এবং শর্তগুলো পূরণ হলে, আগামী সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনেই পর্তুগাল আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইনকে স্বীকৃতি দিতে পারে।

সরকারের পক্ষ থেকে আরও বলা হয়, স্বীকৃতি ঘোষণার আগে প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো প্রথমে রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো দে সুজা এবং পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় এও জানিয়েছে, তারা ইতিপূর্বে প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কিছু পূর্বশর্ত নির্ধারণ করেছে। এর মধ্যে অন্যতম হলো, সেইসব দেশগুলোর সঙ্গে সমন্বয় যাদের সঙ্গে পর্তুগালের স্থায়ী সংলাপ রয়েছে এবং যারা জাতিসংঘ সম্মেলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।

উল্লেখ্য, সম্প্রতি কানাডা, আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেনসহ ইউরোপ ও পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে কিংবা চিন্তাভাবনা করছে। পর্তুগালের সম্ভাব্য এই সিদ্ধান্তও সে ধারা অনুসরণ করছে বলে বিশ্লেষকরা মনে করছেন।