শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রের সুইচিং স্টেশনে আগুন, অন্ধকারে হবিগঞ্জ জেলা

শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৩৩/১১ সুইচিং ষ্টেশনের কারেন্ট ট্রান্সফরমারে (সিটি) ও ব্রেকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় সারা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রের কর্মচারী মিজান জানান, রাত সাড়ে ৭টার দিকে হঠাৎ সিটি ও ব্রেকারে আগুন লেগে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থেকে দমকল বাহিনীর লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে হবিগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে ও সারা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, বিদ্যুৎ সরবরাহ চালুর ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন। তবে কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।

হবিগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।