কোরআনের বর্ণনায় পিঁপড়া

মানবজাতির কাছে আল-কোরআন এক মহাসত্যের উৎস, যার প্রতিটি আয়াত হেদায়াতের বাহক। কোরআনে বর্ণিত প্রতিটি প্রাণী, ঘটনা কিংবা চরিত্রের পেছনে রয়েছে গভীর তাৎপর্য ও পাঠগ্রহণের বিশেষ বার্তা। এমনই এক অনন্য বর্ণনা পাওয়া যায় সুরা নামলে, যেখানে পিঁপড়ার একটি দলের ঘটনা এবং তাদের এক নেত্রী পিঁপড়ার প্রজ্ঞাপূর্ণ কথা স্থান পেয়েছে। কোরআনে বর্ণিত হয়েছে, ‘যখন তারা পিঁপড়ার উপত্যকায় পৌঁছল তখন এক পিঁপড়া বলল, ওহে পিঁপড়ার দল, তোমরা তোমাদের বাসস্থানে প্রবেশ করো। সুলায়মান ও তার বাহিনী তোমাদের যেন অজ্ঞাতসারে পিষ্ট করে মারতে না পারে।’ (সুরা নামল ১৮)

এ তাৎপর্যময় আয়াতে শুধু একটি পিঁপড়ার কথাই বলা হয়নি, বরং এর মাধ্যমে মহান আল্লাহ একদিকে যেমন আমাদের জানিয়ে দিয়েছেন নবী সুলায়মান (আ.)-এর বিস্ময়কর শক্তির কথা, অন্যদিকে একটি ক্ষুদ্র প্রাণীর বিবেক, ভাষা, সমাজবোধ ও নেতৃত্বের ক্ষমতা সম্পর্কেও অবগত করেছেন।

এখানে যে পিঁপড়ার কথা বলা হয়েছে, সে একজন নেতৃস্থানীয় পিঁপড়া, যে তার সম্প্রদায়কে সুলায়মান (আ.)-এর বিশাল বাহিনী সম্পর্কে সতর্ক করছে। তার কণ্ঠে ছিল সতর্কতা, দায়িত্ববোধ ও দূরদর্শিতা। ‘যেন অজ্ঞাতসারে পিষ্ট করে মারতে না পারে’ এ কথা থেকে বোঝা যায়, সে জানে সুলায়মান (আ.) এবং তার বাহিনী ইচ্ছাকৃতভাবে কোনো ক্ষতি করতে চায় না, কিন্তু অজান্তে তাদের পায়ের নিচে পিষ্ট হয়ে যেতে পারে পিঁপড়ারা।

এ ঘটনার পর নবী সুলায়মান (আ.) যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন, সেটি আরও হৃদয়স্পর্শী ও শিক্ষণীয়। তিনি পিঁপড়ার কথা শুনে হাসেন, যা ছিল একটি ক্ষুদ্র জীবের প্রজ্ঞা ও সতর্কতায় অভিভূত হওয়ার হাসি। এরপর তিনি আল্লাহর দরবারে দোয়া করেন, ‘হে আমার রব, তুমি আমার প্রতি ও আমার পিতা-মাতার প্রতি যে অনুগ্রহ করেছ সেটার জন্য আমাকে তোমার শুকরিয়া আদায় করার তওফিক দাও। আর আমি যাতে এমন সৎকাজ করতে পারি, যা তুমি পছন্দ করো। আর তোমার অনুগ্রহে তুমি আমাকে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো।’ (সুরা নামল : ১৯)

এখানে আল্লাহর নেয়ামতের স্বীকৃতি, পিতা-মাতার কৃতজ্ঞতা, উত্তম আমলের প্রার্থনা এবং সৎ বান্দাদের সান্নিধ্যে স্থান পাওয়ার আকাক্সক্ষা ব্যক্ত হয়েছে। এটি একজন নবীর গভীর বিনয়, কৃতজ্ঞতা ও আত্মশুদ্ধির অনুপম দৃষ্টান্ত।

এ বর্ণনা আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। প্রথমত, কোরআনে মানুষের পাশাপাশি অন্যান্য প্রাণীর বিষয়ও উল্লেখ করা হয়েছে। পিঁপড়া, মৌমাছি, মাকড়সা, গরু, উট, মাছ প্রভৃতি প্রাণী কোরআনে এসেছে। তবে তা শুধু গল্প বলার জন্য নয়, বরং মানুষের জন্য শিক্ষা প্রদানের উদ্দেশ্যে। দ্বিতীয়ত, পিঁপড়ার সমাজজীবন, নেতৃত্ব, ভাষা ও বুদ্ধিমত্তার যে ইঙ্গিত কোরআনে এসেছে, তা আধুনিক বিজ্ঞানেও প্রমাণিত। বিজ্ঞানীরা জানিয়েছেন, পিঁপড়ার রয়েছে উন্নত সামাজিক কাঠামো, নেতৃত্বব্যবস্থা, যোগাযোগব্যবস্থা এবং যৌথভাবে কাজ করার অসাধারণ ক্ষমতা। কোরআন এ সত্যগুলো তুলে ধরেছে বহু আগেই।

তৃতীয়ত, নবী সুলায়মান (আ.)-এর কথা থেকে বোঝা যায়, একজন সত্যিকার নেতৃত্বপ্রাপ্ত মানুষ কিংবা নবী শুধু নিজের শক্তি বা ক্ষমতার প্রতি গর্বিত হন না, বরং দায়িত্বশীল, কৃতজ্ঞ এবং আল্লাহর সামনে বিনয়াবনত হন। তিনি প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর কাছে সাহায্য চান, যেন তিনি তার নেয়ামতের যথাযথ শোকরিয়া আদায় করতে পারেন। চতুর্থত, ছোট প্রাণী হলেও পিঁপড়া কোরআনের একটি গুরুত্বপূর্ণ বার্তার বাহক। এ থেকে বোঝা যায়, যে কোনো ছোট, অবহেলিত ও দুর্বল কিছু থেকেও গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া সম্ভব। মানুষ মাত্রই যদি অন্তর্দৃষ্টি রাখে, তাহলে তার জন্য প্রতিটি সৃষ্টিই হতে পারে জ্ঞানের উৎস।

কোরআনের একটি বিশেষ দিক হলো, এটি প্রতীক ও উদাহরণের মাধ্যমে বড় বড় নীতিবোধ ও দর্শনকে সহজবোধ্য করে তোলে। পিঁপড়ার প্রসঙ্গও এর ব্যতিক্রম নয়। এটি শুধু একটি গল্প নয়, বরং মানবতার প্রতি সতর্কতা, সমষ্টিগত দায়িত্ব, নেতৃত্ব, কৃতজ্ঞতা ও সৎকর্মের প্রতি অনুরাগের পাঠ।

বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই আয়াত এবং এর শিক্ষা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। আমাদের সমাজে যখন নেতৃত্বের অভাব, কৃতজ্ঞতার অভাব, সতর্কতা ও সামাজিক সচেতনতার অভাব লক্ষ করা যায়, তখন পিঁপড়ার এ ঘটনা আমাদের সামনে আয়না হয়ে দাঁড়ায়।