১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ

বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের জন্য নতুন শুল্কহার ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দর কষাকষির পর বাংলাদেশের শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে আনা হয়েছে। এ ছাড়া কানাডার ওপর শুল্ক হার ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করা হয়েছে।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বাংলাদেশ ছাড়া বিশ্বের আরও অন্তত ২৫ দেশের ওপর নতুন শুল্ক আরোপের তথ্য জানা গেছে। এতে দেখা গেছে- ভারতের ওপর ২৫ শতাংশ, পাকিস্তানের ওপর ১৯ শতাংশ, ইন্দোনেশিয়ার ওপর ১৯ শতাংশ, মালয়েশিয়ার ওপর ১৯ শতাংশ, মিয়ানমারের ওপর ৪০ শতাংশ, ফিলিপাইনের ওপর ১৯ শতাংশ, শ্রীলঙ্কার ওপর ২০ শতাংশ এবং ভিয়েতনামের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট।

এর আগে বাংলাদেশকে পাঠানো এক চিঠিতে দেশটির ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানিয়েছিল মার্কিন প্রশাসন। তবে শেষ পর্যন্ত সেই প্রস্তাবিত হার থেকে ১৫ শতাংশ কমিয়ে নতুন হার কার্যকর করার ঘোষণা দেওয়া হলো।

এপ্রিলে বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চহারে পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। পরে ওই শুল্ক তিন মাসের জন্য স্থগিত করা হয়। এ সময় শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশকে আলোচনার সুযোগ দেয় ওয়াশিংটন।

পরে প্রথম দফায় ২ শতাংশ কমিয়ে ৩৫ শতাংশ শুল্ক আরোপের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। পাল্টা শুল্ক নিয়ে বাংলাদেশের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) সঙ্গে টানা তিন দিন আলোচনা করে। এরপরই নতুন শুল্ক নির্ধারিত হলো। বর্তমানে গড় শুল্কহার ১৫ শতাংশ। ফলে নতুন ২০ শতাংশসহ মোট শুল্ক দাঁড়াল ৩৫ শতাংশে।