নয়া প্রেমে সুতারিয়া

পেশাগত জীবনের চেয়ে  প্রেম জীবনের কারণে বেশি খবরে থাকেন বলিউডের তরুণ অভিনেত্রী তারা সুতারিয়া। আদর জৈনের সঙ্গে বিচ্ছেদের পর বেশ কয়েজনের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠলেও কোনোটাই স্থায়ী হয়নি। তবে এখন বলিউড অভিনেতা বীর পাহাড়িয়ার সঙ্গে প্রেমের আভাস দিলেন তারা সুতারিয়ায়।

বর্তমানে তাদের অতিরিক্ত মেলামেশা ও কথাবার্তায় অনেকেই ধারণা করছেন অচিরেই তারা বিয়ে করতে পারেন। এমনকি দুজনেই নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন সবার সামনে। যদিও তারা নিজের নতুন প্রেম প্রসঙ্গে  সরাসরি বীরের নাম বলেননি, তবে তার হাসি, চোখের ভাষা আর মিষ্টি উত্তরে অনেক কিছুই হয়ে ওঠে। 

সম্প্রতি রণবীর আল্লাহবাদিয়ার একটি পডকাস্টে অংশ নিয়ে তারা সুতারিয়া বলেন, ‘আমি এখন খুব খুশি! হ্যাঁ! আমি আকাশে ওড়ার মতো আনন্দিত।  ওটা আসলে দারুণ একটা অভিজ্ঞতা। এই দিক থেকে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আমি ভালোবাসার মানুষকে সত্যি খুব ভালোবাসি, অতীতেও করেছি, এখনো করি এবং ভবিষ্যতেও করব। যে কেউ এমনভাবে ভালোবাসাকে গুরুত্ব দেয়, সে একজন ভালো সঙ্গী হতে পারে।’ 

ভালোবাসার অপেক্ষায় থাকা মানুষদের উদ্দেশ্যে তারা সুতারিয়া বলেন, ‘ভালোবাসাকে তাড়া করো না। যেটা তোমার, সেটা তোমার কাছেই আসবে। এটা একটা বিরক্তিকর কথা মনে হলেও, এখন পেছন ফিরে তাকিয়ে দেখি্। এটাই সত্যি।’

এর আগে তারা সুতারিয়া ও  বীর পাহাড়িয়াকে একসঙ্গে বহুবার দেখা গেছে। সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল একটি ফ্যাশন শো-তে, যেখানে তারা র‍্যাম্পে হাঁটার সময় সামনে বসা বীরকে উড়ন্ত চুমু দেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং ভক্তদের আলোচনায় উঠে আসে এই সম্ভাব্য প্রেমের সম্পর্ক।  

এছাড়া ইনস্টাগ্রামে তারা ও বীরের মিষ্টি কথোপকথনও নজর কাড়ে। তারা যখন এপি ঢিলনের সঙ্গে ছবি শেয়ার করেন, বীর কমেন্ট করেন, ‘মাই লাভ’, আর তারা উত্তর দেন, ‘আমার ভালোবাসা’। এই ছোট্ট কথোপকথনেই স্পষ্ট, তাদের মধ্যে ভালোবাসা কতটা গভীর। বলিউড ভক্তদের চোখে এখন তারা এবং বীর এক নতুন রোমান্টিক জুটি।