টাঙ্গাইলের ভূঞাপুরে আল-কারীম দারুর উলুম আজাদী মাদরাসার ১১ বছরের ছাত্রকে বলাৎকারের মামলায় শিক্ষক ওয়ালিউল্লাহকে গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে জামালপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার মাদরাসা শিক্ষক ওয়ালিউল্লাহ পাবনার চাটমোহরের ধানবিলা গ্রামে মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, আল কারীম দারুল উলুম আজাদী মাদরাসার শিক্ষক ওয়ালিউল্লাহ গভীর রাতে ঘুমন্ত শিশুদের নানা অজুহাতে তার কক্ষে নিয়ে যেতেন। নির্যাতনের শিকার শিশুটিকেও একাধিকবার তার কক্ষে ডেকে নিয়ে নানা যৌন নিপীড়নমূলক কাজে বাধ্য করেন। সর্বশেষ গত ২৪ জুলাই শিশুটিকে বলাৎকার করেন শিক্ষক ওয়ালিউল্লাহ। আর এই বিষয়টি অন্য সহপাঠীদের কাছে জানালে বর্বরোচিত ঘটনাটি প্রকাশ্যে আসে।
এরপরই স্থানীয় একটি প্রভাবশালী মহল সালিসি বৈঠকের নামে মোটা অঙ্কের অর্থের বিনিময় ও পরিবারকে ভয়ভীতি দেখিয়ে একটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে ভুক্তভোগীর অভিভাবকের স্বাক্ষর নিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়।
এমনকি ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের মব সৃষ্টি করে শায়েস্তার হুমকি দেন ওই প্রভাবশালী মহল। এ ঘটনায় ফুঁসে উঠে এলাকাবাসী। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে মাইকিং ঘোষণা করা হয় বিক্ষোভ মিছিলের। পরে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন পরিবার ও এলাকাবাসী।
ভূঞাপুর থানার ওসি এ কে এম রেজাউল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে জামালপুর থেকে গ্রেপ্তার করে। প্রাথমিকভাবে অভিযুক্ত যৌন নির্যাতনের বিষয়টি শিকার করেছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।