শাহজিবাজার উপকেন্দ্রে আগুন

১৫ ঘণ্টা পর হবিগঞ্জে আংশিক বিদ্যুৎ সরবরাহ শুরু

হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা জেলা প্রায় ১৫ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল। 

আজ শুক্রবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে শহর ও কয়েকটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে। হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী মনজুর মোরশেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টায় শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে হঠাৎ আগুন লাগে। ঘটনার পর পুরো হবিগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে শহর ও আশেপাশের উপজেলাগুলো অন্ধকারে নিমজ্জিত হয়। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে পানির তীব্র সংকট দেখা দেয়। অনেকেই পুকুর বা অন্যান্য উৎস থেকে পানি সংগ্রহ করতে বাধ্য হন। এছাড়া ব্যাটারিচালিত অটোরিকশাগুলোও খুব কম সংখ্যক চলাচল করে।

পিডিবির নির্বাহী প্রকৌশলী জানান, গতকাল রাতেই উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দমকল কর্মীদের সহায়তায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর রাতভর জরুরি মেরামত কাজ চালিয়ে আংশিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। তবে পুরো জেলায় বিদ্যুৎ স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে বলে তিনি জানান।