মুরাদনগরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা

কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ সমাবেশ কভার করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে মুরাদনগর থানায় মামলাটি দায়ের করেন আহত সাংবাদিক মো. শাহে ইমরান।

মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলার বাদী শাহে ইমরান কুমিল্লা কোতোয়ালি থানার পাঁচথুবী এলাকার বাসিন্দা। তিনি দৈনিক খোলা কাগজ–এর কুমিল্লা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত দুঃখজনক ও ন্যক্কারজনক ঘটনা। আসামিরা ঘটনার পরপরই এলাকা ছেড়ে পালিয়েছে। তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত বুধবার (৩০ জুলাই) বিকেলে মুরাদনগর উপজেলা সদরের আল্লাহ চত্বরে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার বাবার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মুরাদনগর ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। সমাবেশ চলাকালে বিরোধী পক্ষ হামলা চালায়। হামলার সময় সংবাদ সংগ্রহ করতে গেলে কয়েকজন সাংবাদিককে মারধর করা হয়।

এতে অন্তত ৭ সাংবাদিক আহত হন। তাদের ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।

আহত সাংবাদিক শাহে ইমরান বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছি। মারধরের পাশাপাশি আমাদের ক্যামেরা ও মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা এই ঘটনার সঠিক বিচার চাই।

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লার সাংবাদিক মহলে উত্তেজনা বিরাজ করছে।