গত দশ দিনে ইসরায়লজুড়ে হঠাৎ করে অপ্রতিরোধ্য হারে রহস্যজনক বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা বেড়েছে বলে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে।
অধিকৃত এলাকার বাসিন্দারা বলছেন, প্রতিদিনই এমন ঘটনার সংখ্যা বাড়ছে। একাধিক শহরে চরম অচলাবস্থা সৃষ্টি হয়েছে এবং পরিস্থিতি নরকে পরিণত হয়েছে—এমনটাই জানাচ্ছে স্থানীয় সূত্র। তবে কোনো সরকারি প্রতিষ্ঠান এখন পর্যন্ত এ সব ঘটনার পরিষ্কার ব্যাখ্যা দিতে পারেনি, যা এই সংকট সামাল দেওয়ার ক্ষেত্রে তাদের অক্ষমতা তুলে ধরছে।
ইসরায়েলি বিদ্যুৎ বিভাগ ও দমকল কর্তৃপক্ষ এসব ঘটনার পেছনে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও বিতরণ স্টেশনে ত্রুটিকে দায়ী করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে, এইসব যান্ত্রিক গোলযোগের ফলে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটছে, যা প্রভাব ফেলছে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রে। এর মধ্যে রয়েছে এয়ার কন্ডিশনার, লিথিয়াম ব্যাটারি, বাসাবাড়িতে বিদ্যুৎ বিতরণ স্টেশন, ট্রান্সফর্মার ইত্যাদি। এর ফলে বসতিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
একজন বিদ্যুৎ বিশেষজ্ঞ বলেন, এইসব ঘটনা মূলত পৌরসভার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বিভ্রাট, যেমন মারাত্মক ভোল্টেজ ওঠানামা ও অতিভোল্টেজ সংক্রান্ত সমস্যার ফলেই ঘটছে। এর ফলে বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হয়ে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।
তিনি আরও বলেন, ঘটনার জটিলতা ও প্রক্রিয়াগত সমস্যা থাকায় বিদ্যুৎ কোম্পানির বিশেষজ্ঞরা এখনো এর মূল কারণ নির্ধারণ করতে পারেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি ভিত্তিতে কাজ চলছে।