বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) কেন্দ্রীয় সংসদ ৩ আগস্টের সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের জন্য ৬ দফা নির্দেশনা জারি করেছে।
শুক্রবার (১ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির্দেশনা দেন।
বিজ্ঞপ্তিতে সমাবেশে ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড বহন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ব্যক্তিগত শোডাউন বা মিছিল করে সমাবেশস্থলে আসাও নিষেধ।
নির্দেশনায় আরও বলা হয়েছে, সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত সব ইউনিটকে কেন্দ্র নির্ধারিত স্থানে অবস্থান করতে হবে।
কাঁটাবন মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত জরুরি যানবাহন চলাচলে সহযোগিতা করতে হবে। কোনো ইউনিটের গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না।
সমাবেশস্থল ত্যাগের আগে নির্ধারিত স্থান পরিষ্কার করতে হবে।
দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (সহ-সভাপতি পদমর্যাদায়) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের নির্দেশনা যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়েছে।