রাজধানীর যাত্রাবাড়ী থানার রাসেল বকাউল হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. শাহীনুজ্জামান কারাগারে প্রেরণের আবেদন করেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইসতিয়াকের আদালত এ আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনের সড়কে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে রাসেল বকাউল (২২) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় নিহতের বড় ভাই হাসনাত বকাউল গত ২৮ আগস্ট যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন।
গত অক্টোবরে ডিবি পুলিশ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে এবং তাকে কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়।