ইরানে ভ্রমণ না করার পরামর্শ যুক্তরাষ্ট্রের

মার্কিন নাগরিকদের ইরান ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর ইরান ব্যাপকভাবে সন্দেহপ্রবণ হয়ে কথিত গুপ্তচর ও বিরোধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে ওয়াশিংটনের দাবি।

মার্কিন পররাষ্ট্র দপ্তর পারসিয়ান ভাষার সামাজিক যোগাযোগমাধ্যম USA Beh Farsi-তে জানায়, ‘যে কেউ ইরান যাওয়ার কথা ভাবছেন, তাঁদের সিদ্ধান্ত আবার ভেবে দেখা উচিত। আমরা আবারও বলছি—মার্কিন নাগরিকদের ইরানে যাওয়া উচিত নয়।’

ইসরায়েলের চ্যানেল ১১-এর খবরে বলা হয়েছে, ইরান দুই মার্কিন ইহুদি নাগরিককে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করেছে। তাঁদের একজন, ৭০ বছর বয়সী ইয়েহুদা হেকমাতি এখনও কারাগারে আছেন। নিউইয়র্কের সঙ্গে যুক্ত এই স্বর্ণকার সাত বছর আগে ইসরায়েল সফর করেছিলেন—এ কারণে তাঁকে সন্দেহ করা হচ্ছে। অন্যজন, লস অ্যাঞ্জেলসের এক ইরানি-মার্কিনি, জামিনে মুক্তি পেয়েছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এ বিষয়ে মন্তব্য করতে চাননি। তবে তিনি জানিয়েছেন, শিগগিরই এ বিষয়ে বলতে পারবেন বলে আশা করছেন।

ওয়াশিংটন বহুবার সতর্ক করেছে যে মার্কিন নাগরিকরা, বিশেষ করে যাঁরা দ্বৈত নাগরিক, তাঁরা ইরানে বেআইনিভাবে আটক হওয়ার ঝুঁকিতে আছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বলা আছে, ইরানি সরকার অনেক আমেরিকানকে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর আটকে রেখেছে।

ইসরায়েলের চ্যানেল ১১-তে এক সূত্র বলেন, আটক হওয়া এই দুই মার্কিনি কেবল “ভুল সময়ে ভুল জায়গায়” ছিলেন।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল