একসঙ্গে কাজ করতে করতেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে হলিউডের দুই জনপ্রিয় তারকা পামেলা অ্যান্ডারসন ও লিয়াম নিসনের। ‘দ্য নেকেড গান’ রিবুটের শুটিং থেকেই গড়ে ওঠে তাদের ঘনিষ্ঠতা। বর্তমানে তা এখন রূপ নিয়েছে রোমান্সে। পিপল ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, ৭৩ বছর বয়সী লিয়াম নিসন ও ৫৮ বছর বয়সী পামেলা অ্যান্ডারসন এখন সত্যিকারের সম্পর্কে জড়িয়েছেন। তাদের প্রেম প্রাথমিক পর্যায়ে হলেও আন্তরিক ও গভীর। বলা চলে জমে ক্ষীর দুই তারকার রোমান্স। গত বছর ‘দ্য নেকেড গান’ ছবির শুটিং চলাকালীনই এই দুই তারকার প্রথম দেখা হয়। তখন থেকেই তাদের মধ্যে রসায়ন স্পষ্ট। ছবিটিতে লিয়াম নিসন অভিনয় করছেন এক বুদ্ধিদীপ্ত, রুক্ষ মেজাজের অভিজ্ঞ গোয়েন্দা চরিত্রে। আর পামেলা হচ্ছেন তার স্মার্ট ও দক্ষ পার্টনার। পর্দায় তাদের রসায়ন এতটাই জমে গেছে যে তা বাস্তবেও গড়িয়েছে। লিয়াম নিসন এক সাক্ষাৎকারে বলেন, ‘পামেলার প্রেমে হাবুডুবু খাচ্ছি, এটাই সত্যি।’ গত মাসে (জুলাইয়ে) লন্ডন প্রিমিয়ারে পামেলা নিসনের গালে চুমু খেলে সবার নজর পড়ে যায়। নিসন তখন হেসে বলেন, ‘এই মুহূর্তে নিজেকে সত্যিকারের একটা দম্পতি মনে হচ্ছে!’ এর পরদিন দ্য টুডে শোতে তারা সরাসরি চুমু খেয়ে সবাইকে চমকে দেন। সঞ্চালক সে নিয়ে প্রশ্ন করলে নিসন বলেন, ‘আমাদের রসায়ন একেবারে সুন্দর ও নতুন করে গড়ে উঠছে।’