জুলাই আন্দোলন নিয়ে এবার লাক্স তারকা আজমেরী হক বাঁধনের সঙ্গে তুমুল ভার্চুয়াল বাগ্বিতণ্ডায় জড়ালেন টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী সোহানা সাবা। দুজনের মধ্যে এক ভার্চুয়াল দ্বন্দ্ব ঘিরে নেট দুনিয়ায় চলছে তুমুল আলোচনা। নেটিজেনদের ধারণা, সেই জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরেই শুরু হয়েছে এই বিরোধ। দুজনের সাম্প্রতিক দ্বন্দ্বের সূত্রপাত গত বৃহস্পতিবার। বাঁধনের একটি ফেসবুক পোস্টে করা এক নারীর মন্তব্যের স্ক্রিনশট নিজের টাইমলাইনে শেয়ার করেন সোহানা সাবা। তিনি লিখেছেন, ‘এই কমেন্টটা আপু ডিলিট করে দিয়েছেন... হয়তো দিদিটিকে ব্লকও করেছেন... ভাগ্যক্রমে আমার টাইমলাইনে ভেসে উঠেছিল, তাই সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম।’ স্ক্রিনশটে বাঁধনকে উদ্দেশ্য করে লেখা সেই মন্তব্যে বলা হয়, ‘সারা জীবন ড্রামাবাজি করে সতী সাজতে চেয়েছেন... আপনি আপাদমস্তক একজন ভণ্ড। আপনার পুরো জগৎটা ঘোরে আপনাকে ঘিরেই। কী জীবন আপনার! করুণা লাগে আপনাকে দেখে। কেউ যদি সত্যিই গুরুত্বপূর্ণ হতেন, তাহলে কলকাতায় গিয়ে ব্যক্তিজীবনের কেচ্ছা গাইতেন না।’ এরপর মন্তব্য ঘরে নিজের অবস্থান ব্যাখ্যা করে সোহানা সাবা লেখেন, ‘প্রথমে ভেবেছিলাম স্ক্রিনশট নিয়ে কিছু পোস্ট করব না। কিন্তু পরে মনে হলো এটা তো পাবলিক পোস্ট, যে কেউ নিতে পারে, শেয়ারও করতে পারে। তাই আমিও করলাম।’ সাবার পোস্টের কিছুক্ষণ পরই দীর্ঘ প্রতিক্রিয়া জানান বাঁধন। নাম উল্লেখ না করলেও তিনি ইঙ্গিত দেন, তারই কিছু সহকর্মী ব্যক্তিগত আক্রমণ চালাচ্ছেন।