চীন-বাংলাদেশ সহযোগিতা আরও জোরদারের আশা

চলতি বছরের শুরুর দিকে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে গৃহীত ঐকমত্য বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ ও চীনের মধ্যে পানিসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা আরও জোরদার করা হচ্ছে। এ লক্ষ্যে গত ২৭ জুলাই থেকে গতকাল শুক্রবার ১ আগস্ট পর্যন্ত চীনের একটি উচ্চপর্যায়ের কারিগরি প্রতিনিধিদল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সফর করেছে। এটি দুই দেশের দীর্ঘমেয়াদি পানিসম্পদ সহযোগিতার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চাংজিয়াং ওয়াটার রিসোর্সেস কমিশনের (সিডব্লিউআরসি) প্রধান পরিকল্পনাবিদ মি. শু ঝাওমিং। প্রতিনিধিদলে আরও ছিলেন ডব্লিউআরসি, সিআইএসপিডিআর  করপোরেশন এবং চীনের পানিসম্পদ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা ও বিনিময় কেন্দ্রের সিনিয়র প্রকৌশলী ও বিশেষজ্ঞরা।

বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ। এ ছাড়া পানিসম্পদ পরিকল্পনা সংস্থা, নদী গবেষণা ইনস্টিটিউট এবং অন্যান্য কারিগরি সংস্থার শীর্ষ কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।

সফরের পাঁচ দিনে চীনা প্রতিনিধিদল বাংলাদেশের জলাবদ্ধতা, নদীদূষণ, লবণাক্ততা ও ভাঙনের মতো প্রধান পানিসম্পদ সমস্যাবলির ওপর সরেজমিন পর্যবেক্ষণ করে। তারা ঢাকার বুড়িগঙ্গা নদী, যশোরের ভবদহ এলাকা এবং খুলনার দাকোপ অঞ্চলের পোল্ডার ৩১ এলাকা পরিদর্শন করেন।

৩১ জুলাই ২০২৫ তারিখে পানি ভবন, ঢাকায় অনুষ্ঠিত দ্বিপক্ষীয় কারিগরি বৈঠকে উভয় পক্ষ টেকসই, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক পানিসম্পদ উন্নয়নে যৌথ পরিকল্পনা ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়। আলোচনায় বুড়িগঙ্গা নদীর পুনরুদ্ধার নিয়েও উভয় দেশের প্রতিনিধিরা মতবিনিময় করেন। এই সফর দুই দেশের মধ্যকার প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের ভিত্তি আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতের জন্য একটি নতুন দ্বার উন্মোচন করল।