৩ আগস্ট ঢাবিতে যানবাহন প্রবেশে ছাত্রদলের ‘না’

আগামীকাল রবিবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঐতিহাসিক ছাত্র সমাবেশে অংশগ্রহণে ইচ্ছুক নেতাকর্মীদের প্রতি ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে ছাত্রদল। এদিন, দূর দূরান্ত থেকে আসা ছাত্রদলের নেতাকর্মীদের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি পার্কিং করতে নিষেধ করা হয়েছে। গতকাল শুক্রবার ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা প্রদান করেন।

নেতাকর্মীদের প্রতি ছাত্রদলের নির্দেশনা-ছাত্র সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে আসা যাবে না; সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্র কর্র্তৃক নির্ধারিত জায়গায় সব ইউনিটকে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে; কাঁটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট ও পিজি হসপিটালের মধ্যের গলি দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের চলাচলে সার্বিক সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হলো; সমাবেশের দিনে জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো ইউনিটের গাড়ি কোনো অবস্থাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না।