বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান না হলে দেশে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না, সভা-সমাবেশ করতে পারতাম না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে দেশের মানুষের মতপ্রকাশের কোনো স্বাধীনতা ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ ভিন্নমত পোষণ করলে তাকে ধরে কারাগারে নিক্ষেপ করা হতো। ছাত্র-জনতার জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের মানুষ মতপ্রকাশের, সভা-সমাবেশ করার এবং স্বাধীনভাবে চলাচলের সুযোগ পেয়েছে। সারা জীবন জাতির কাছে ৫ আগস্ট স্মরণীয়-বরণীয় হয়ে থাকবে। প্রতি বছর যথাযথ মর্যাদায় ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস পালন করা হবে।
গতকাল শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার মোমিনপুর কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দুলু বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের এক বছর পার হওয়ার আগে থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে যুক্ত বিএনপি, জামায়াত, এনসিপিসহ দেশের সব রাজনৈতিক দলকে এই একটি জায়গায় অন্তত ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের মাটিতে আর কখনো ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না। অন্তর্বর্তী সরকারের সব বিভাগকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপতৎপরতা সর্ম্পকে সজাগ থাকতে হবে।’