মালয়েশিয়ায় সড়কে প্রাণ গেল ৩ বাংলাদেশির

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় চালকসহ তিন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি। হতহতরা সবাই কুয়ানতান রাজ্য থেকে কুয়ালালামপুরের উদ্দ্যেশে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এই হতাহতের দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।

শনিবার (২ আগস্ট) দেশটির গণমাধ্যম দ্যা স্টার এ খবর জানিয়েছে।

জানা গেছে, শুক্রবার রাতে কুয়ান্তানের গাম্বাং-এর কাছে ইস্ট কোস্ট হাইওয়ে (এলপিটি) ওয়ানের ২০০.৮ কিলোমিটার দূরে এমপিভি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে তিন প্রবাসী বাংলাদেশি নিহত এবং দু’জন আহত হন।

নিহতরা হলেন গাড়ির চালক মো. সাব্বির হাসান (৩০) এবং যাত্রী মো. জাহিদ হাসান (২১) ও আবদুল্লাহ (২৪)। এ ছাড়া আহতদের স্থানীয় টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কুয়ানতান জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আদলি মাত দাউদ বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা কুয়ান্তান থেকে কুয়ালালামপুরের দিকে একটি টয়োটা আভাঞ্জা গাড়িতে করে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে পথিমধ্যে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, টয়োটা আভাঞ্জার গাড়ি চালকের কোনও ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং ওই গাড়ির রোড ট্যাক্স গত মে মাসে শেষ হয়ে গেছে, যা পরে রিনিউ করা হয়নি। দুর্ঘটনায় নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

মোহাম্মদ আদলি আরো বলেন, দুর্ঘটনার কারণ সম্পর্কে আরো তদন্ত চলছে, যার মধ্যে রয়েছে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করা এবং জড়িত সকল বাংলাদেশির নিয়োগ কর্মকর্তাদের খুঁজে বের করা। 

১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারার অধীনে বেপরোয়া গাড়ি চালানোর কারণে মারাত্মক দুর্ঘটনার অভিযোগে মামলাটি তদন্ত করা হচ্ছে।