অবশেষে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে বিচ্ছেদ ঘটতে যাচ্ছে ক্লাবটির দক্ষিণ কোরিয়ান অধিনায়ক সন হিউং-মিনের। সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে আগামীকাল নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রাক্–মৌসুম প্রীতি ম্যাচ খেলবে টটেনহ্যাম। টটেনহ্যামের জার্সিতে এটাই হতে পারে সনের শেষ ম্যাচ।
বায়ার লেভারকুসেন থেকে ২০১৫ সালে টটেনহ্যামে যোগ দেওয়া সন বিদায়ী ঘোষণায় বলেন, ‘সংবাদ সম্মেলন শুরুর আগে বলতে চাই, এই গ্রীষ্মেই আমি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তে ক্লাবও আমাকে সম্মানের সঙ্গে সহায়তা করছে।’ টটেনহ্যাম ছেড়ে সন কোথায় যোগ দেবেন, সে বিষয়ে কিছু বলেননি, ‘এখন পর্যন্ত আমার কাছে এর উত্তর নেই।’ একপর্যায়ে তাকে দুই হাতে মুখ ঢেকে কাঁদতে দেখা যায়।
টটেনহ্যামের প্রতি ভালোবাসা জানিয়ে সংবাদ সম্মেলনে সন বলেছেন, ‘আমার ক্যারিয়ারে এটা সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। অসাধারণ সব স্মৃতি। সিদ্ধান্তটি নেওয়া খুব কঠিন ছিল। কিন্তু আমার মনে হয় এটাই সঠিক সময়। আশা করি সবাই আমার সিদ্ধান্তটা বুঝবেন এবং সম্মান করবেন। ২৩ বছর বয়সী এক তরুণ হিসেবে আমি উত্তর লন্ডনে এসেছিলাম। খুব অল্প বয়সী একটা ছেলে যে ইংরেজিতেও কথা বলতে পারত না। এখন পরিণত হিসেবে এই ক্লাব ছেড়ে যেতে পারাটা খুবই গর্বের বিষয়।’
২০২৬ সাল পর্যন্ত টটেনহ্যামের সঙ্গে চুক্তি আছে সনের। টটেনহ্যামের ইতিহাসের অন্যতম সেরাদের একজন সন ক্লাবটির হয়ে ১৭৩ গোল করেছেন। ইউরোপা লিগ জিতলেও গত মৌসুমটা তার ভালো কাটেনি। চোটের সঙ্গে লড়াই করতে গিয়ে ফর্মটাও হারিয়ে ফেলেছিলেন। ইএসপিএন দাবি করেছে, ৩৩ বছর বয়সী সনকে পেতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব লস অ্যাঞ্জেলস এফসি।