প্রকাশিত হলো ভারতের ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা। এবারের আসরে ‘জাওয়ান’ ছবির প্রথমবারের মতো সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আর ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির জন্য শাহরুখের মতোই প্রথমবার সেরা অভিনেত্রীর স্বীকৃতি পাচ্ছেন রানী মুখার্জি। সত্য ঘটনা অবলম্বনে তৈরি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে দুরন্ত অভিনয়ের জন্য এই সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন বাঙালিকন্যা। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন রানী। বিপরীতে ছিলেন টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।
৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার খবরে ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করে এই অভিনেত্রী গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি, অনুরাগী এবং ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির টিমকে ধন্যবাদ জানান। রানী বলেন, ‘আমি সত্যিই দারুণ খুশি এবং গর্বিত বোধ করছি। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে আমার অভিনয়কে এত বড় সম্মান দেওয়ায় আমি উল্লসিত।। আমার ৩০ বছরের সিনে ক্যারিয়ারে এটাই আমার প্রথম জাতীয় পুরস্কার। আমি খুবই ভাগ্যবান যে আমার অভিনয় জীবনে অনেক ভালো ভালো ছবিতে কাজ করে দর্শকদের ভালোবাসা পেয়েছি। ধন্যবাদ জানাই জাতীয় পুরস্কারের সঙ্গে যুক্ত বিচারকদের। ধন্যবাদ জানাই ছবির পরিচালক অসীমা ছিব্বর এবং প্রযোজক নিখিল আদবাণী, মণীশা এবং মধুকে। এই সম্মান আমার ৩০ বছরের অভিনয় জীবনকে আরও সমৃদ্ধ করল।’
রানী আরও বলেন, ‘আমার এই পুরস্কার উৎসর্গ করতে চাই বিশ্বের সব কোণে ছড়িয়ে থাকা সেই মায়েদের যাঁরা নিজের সন্তানের জন্য লড়ে যাচ্ছেন, আত্মত্যাগ করছেন। ধন্যবাদ জানাই সমস্ত দর্শক, অনুরাগীদের যাঁদের জন্য এই ৩০ বছর ধরে সিনেপর্দায় চরিত্রগুলোকে ফুটিয়ে তুলতে পেরেছি। তারা না থাকলে, এই সম্মান আমার এই অভিনয় যাত্রা কখনই সফল হতো না।’
প্রসঙ্গত, ১৯৯৬ সালে সিনেমার জগতে পা রাখেন রানী মুখার্জি। বাংলা ছবি ‘বিয়ের ফুল’ থেকেই তার সিনে ক্যারিয়ারের শুরু। তবে এরপর আর বাংলা ছবিতে তাকে দেখা না গেলেও, বলিউডে একের পর এক ছবিতে নজর কাড়েন রানী। আমির খানের সঙ্গে গুলাম, শাহরুখ-কাজলের সঙ্গে কুছ কুছ হোতা হ্যায় এই দুই ছবিতে অভিনয় করে রানীবুঝিয়ে দিয়েছিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। আর তা প্রমাণ করেন পরে। হ্যালো ব্রাদার, বাদল, হে রাম, চোরি চোরি চুপকে চুপকে, কাভি খুশি কাভি গাম, সাথিয়া, হাম তুম, বীরজারা, বান্টি অউর বাবলি, কভি আলবিদা না কাহেনা’সহ অনেক জনপ্রিয় ছবি।