চট্টগ্রামে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে এক দোকান কর্মচারী নিহতের ঘটনায় করা মামলার অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। চট্টগ্রামে ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের প্রথম কোনও মামলায় আদালতে অভিযোগপত্র দিল পুলিশ।
গত বুধবার (৩০ জুলাই) মামলার তদন্তকারী কর্মকর্তা নগরের চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হক আদালতের প্রসিকিশন শাখায় অভিযোগপত্র জমা দেন। তবে দুইদিন পর শুক্রবার রাতে বিষয়টি জানাজানি হয়েছে।
আদালত সূত্র জানায়, অভিযোগপত্রটি বৃহস্পতিবার (৩১ জুলাই) চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতে দাখিল করা হয়। আদালত ২৫ আগস্ট বাদীর উপস্থিতিতে অভিযোগপত্রের ওপর শুনানির সময় নির্ধারণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব আহমেদ।
অভিযোগপত্রে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২৩১ জনকে আসামি করা হয়েছে। সাক্ষী করা হয়েছে ১২৮ জনকে।
আসামিদের মধ্যে আরও আছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী ও আ জ ম নাছির উদ্দীন, সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, এম এ লতিফ, আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দীন নদভী, মহিউদ্দিন বাচ্চু, আবদুচ ছালাম, দিদারুল আলম দিদার, এস এম আল মামুন ও নোমান আল মাহমুদ, চসিকের সাবেক কাউন্সিলর জহরলাল হাজারী, এসরারুল হক, নুর মোস্তফা টিনু, পুলক খাস্তগীর, সলিমুল্লাহ বাচ্চু, জিয়াউল হক সুমন এবং নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীসহ যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী।
ছাত্র-জনতার আন্দোলনের সময় গত বছরের ৩ আগস্ট নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাটে দু’পক্ষের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মো. শহিদুল ইসলাম শহিদ (৩৭)। এ ঘটনায় ১৫ আগস্ট তার ভাই শফিকুল ইসলাম নগরীর চান্দগাঁও থানায় মামলা করেন।